বিল–ভাউচার চেয়ে কুয়েত মৈত্রী হাসপাতালকে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএনবি

করোনাকালে মাস্ক-পিপিইসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত দুর্নীতির অনুসন্ধানে বিল-ভাউচারসহ রেকর্ডপত্র চেয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য ইউএনবিকে জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯–এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় ও সরবরাহ, চিকিৎসকদের হোটেলে থাকা-খাওয়ার নামে সরকারি অর্থ আত্মসাৎসহ অন্যান্য ব্যক্তির যোগসাজশে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ বানানোর অভিযোগগুলোর সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

হাসপাতালের ক্রয় কমিটির দুই সদস্য চিকিৎসক সোহেলী পারভীন ও মামুনুর রশীদের পেছনের তারিখে (ব্যাক ডেটে) স্বাক্ষর দেওয়া বিল-ভাউচারসহ রেকর্ডপত্র ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া হয়েছে।

দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক জরুরি পত্রে এ রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
এই কর্মকর্তা জানান, হাসপাতালটিকে কোভিড-১৯ সংকটের সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা সম্পর্কেও তথ্য জমা দিতে বলা হয়েছে।

গত ৯ আগস্ট করোনাকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে কুয়েত মৈত্রী হাসপাতালের বেশ কিছু নথিপত্র তলব করেছিল দুদক।

এর আগে ৩ আগস্ট দুদক হোটেল সুপার স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালককে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা পরিষেবা সরবরাহে নিযুক্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর আবাসন, খাবারসহ বিভিন্ন তথ্য ও রেকর্ড জমা দিতে বলে।