সংগঠনের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অপর দিকে বরকল উপজেলায় ডাকা লাগাতার হাট-বাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে বিলাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির তিন কর্মীকে আটক করা হয়। পরে দুজনকে ছেড়ে দিয়ে সুনীতি ময় চাকমা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা সভাপতি শুভ মঙ্গল চাকমা অভিযোগ করেন, অবরোধ বানচাল করতে তাঁদের তিন কর্মীকে আটকে রাখা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম মোল্লা বলেন, সুনীতি ময় চাকমাকে অবরোধের কারণে গ্রেপ্তার করা হয়নি। তিনি নারী নির্যাতন ও অপহরণ মামলার আসামি। মঙ্গলবার দুপুরে বিলাইছড়ি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সকালে হরতালের সমর্থনে জনসংহতি সমিতির নেতা-কর্মীরা বিলাইছড়ি বাজার ও উপজেলা সদরে পিকেটিং করেন। হরতালে সড়ক ও নৌপথে যানবাহন চলেনি। দোকানপাট বন্ধ ছিল।
অপর দিকে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনর্নির্বাচনের দাবিতে ৬ জুন থেকে ডাকা লাগাতার হাট-বাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বরকল উপজেলা সদরে জনসংহতি সমিতি আয়োজিত সমাবেশ থেকে হাট-বাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বরকল উপজেলা জনসংহতি সমিতির সভাপতি উৎপল চাকমা।
সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের বরকল উপজেলা সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীমণি চাকমা, যুব সমিতির বরকল উপজেলা সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বরকল উপজেলা সাধারণ সম্পাদক রিনা চাকমা ও বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলিন বিহারি চাকমা।