চলনবিলের পানি এখন কমতে শুরু করেছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিলের তলদেশ থেকে মইজাল দিয়ে ছেঁকে তোলা হচ্ছে শামুক। শামুকের সঙ্গে উঠে আসছে জলজ উদ্ভিদ ও লতাগুল্ম। এতে নষ্ট হচ্ছে বিলের জীববৈচিত্র্য। শামুক নিধন বন্ধে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
শামুক আহরণের সঙ্গে জড়িত কয়েকজন বলেন, চলনবিল থেকে আহরণ করা শামুকগুলো খামারের হাঁস ও মাছের খাদ্য ছাড়াও চুন তৈরিতে ব্যবহার করা হয়। স্থানীয় খামারিদের চাহিদা মেটানোর পরও দিনে ১৫ থেকে ২০ ট্রাক করে শামুক যাচ্ছে কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন জেলায়।
গুরুদাসপুর উপজেলা কৃষি ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শামুক হচ্ছে প্রকৃতির ফিল্টার। বিলের তলদেশে বিচরণ করা এসব শামুক পানি পরিষ্কার করে থাকে। যথেচ্ছভাবে শামুক ও জলজ উদ্ভিদ নিধন হলে মাটির ক্যালসিয়াম কমে গিয়ে ফসলের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা আছে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার রুহাই, বিলশা, পিপলা, সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল থেকে মই ও বাদাইজাল দিয়ে তোলা হচ্ছে শামুক। অনেকে নিয়ে যাচ্ছেন নিজ খামারে।
গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর ঘাটে কথা হয় বরিশাল থেকে আসা হাসেম মৃধার সঙ্গে। তিনি বলেন, ১০০ থেকে ১১০ টাকায় এক বস্তা শামুক কিনছেন। হাঁসের খাবার হিসেবে শামুক বেশ সাশ্রয়ী।
গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবির বলেন, শামুক রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।