বিশেষজ্ঞদের বৈঠকের পর জেব্রাসহ প্রাণিবেষ্টনীতে নতুন কর্মযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবাণু প্রতিরোধে চারণভূমিতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জেব্রাসহ বিভিন্ন প্রাণীর বেষ্টনীতে নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে। বিশেষজ্ঞের বৈঠকের পর ১০ দফা প্রস্তাবের বাস্তবায়ন করছে পার্ক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, সেখানে বিশাল আকারের লেকের পানি সেচযন্ত্র দিয়ে তুলে ফেলা হচ্ছে। জেব্রা, ওয়াইল্ডবিস্ট, গেজেল, জিরাফসহ বিভিন্ন প্রাণী এ লেকের পানি পান করে। এদিন জেব্রার চারণভূমিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ জন্য প্রাণীগুলোকে রাখা হয়েছে নির্দিষ্ট এলাকার বাইরে। অপর দিকে প্রাণীর খাবার পরিবেশনের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ পাত্র। জেব্রাসহ অন্যান্য প্রাণীর থাকার জায়গা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের প্রস্তুতি চলছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, শনিবারের মধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন শেষ হবে। লেকের পানি তুলে তা শুকিয়ে ফেলা হবে। এরপর সেখানে নতুন করে পানি দেওয়া হবে। এগুলো ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া ১০ দফা প্রস্তাবের সব কটির বাস্তবায়ন শুরু হয়েছে।

সাফারি পার্কে ২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে ৯টি জেব্রার মৃত্যু হয়। পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এখন সংখ্যা দাঁড়িয়েছে ২২। বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড বলেছে, চারটি জেব্রা নিজেদের মধ্যে সংঘর্ষে এবং অপর পাঁচটি ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে।

এ ঘটনায় গত মঙ্গলবার পার্কের অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসে। বৈঠক শেষে জেব্রাসহ অন্যান্য প্রাণীর নিরাপত্তায় ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়।

আরও পড়ুন

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার প্রাণীর নিরাপত্তার জন্য বিশেষজ্ঞ টিমের বৈঠকের পর তাঁরা ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। সে অনুযায়ী কাজ করছেন।