বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়স ৬৫ বছর করা, অতিরিক্ত রেজিস্ট্রার পদ সৃষ্টিসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে দুপুরে প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তারা বলেন, তাঁদের পাঁচটি দাবি সম্পূর্ণ যৌক্তিক। দাবি মেনে না নিলে তাঁরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার।
এদিকে একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নেন কর্মকর্তারা। কর্মকর্তা সমিতির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান খান, উপরেজিস্ট্রার জয়নাল আবেদীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কাশেম, উপপরিচালক খলিলুর রহমান।