বিশ্ববিদ্যালয় প্রক্টরের উদ্যোগে রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার
গোপালগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনা মূল্যে জরুরি অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক রাজিউর রহমান। নিজের বেতনের টাকা দিয়ে প্রাথমিকভাবে চারটি অক্সিজেন সিলিন্ডার কিনে এ কার্যক্রম শুরু করেছেন তিনি।
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’–এর বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে এ কাজে সহযোগিতা করছেন। রোগীর স্বজনেরা যাতে যোগাযোগ করতে পারেন, সে জন্য চালু করা হয়েছে চারটি হটলাইন নম্বর।
শিক্ষক রাজিউর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন। তিনি বলেন, ‘এটি সীমিত সাধ্যের মধ্যে ক্ষুদ্র উদ্যোগ। এতে কারও উপকার হলে উদ্যোগটি সফল হবে।’
কোভিড-১৯–এ আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পার্শ্ববর্তী এলাকার কারও অক্সিজেনের প্রয়োজনের খবর পাওয়ামাত্র স্বেচ্ছাসেবকেরা ছুটে যাচ্ছেন। কখনো কাঁধে, কখনো মোটরসাইকেল, রিকশা বা অটোতে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন তাঁরা।
বাঁধনের বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম বলেন, ‘রাজিউর রহমান স্যার তাঁর উদ্যোগের কথা জানালে আমরা তাতে সাড়া দিই। করোনায় আক্রান্ত অনেকে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে তৃপ্তির আর কিছু নেই।’