বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা কাটল এনামুলের
বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা কেটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার এনামুল হকের। ঢাকার বনানীর বাসিন্দা এ এ মনিরুজ্জামান তাঁর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। তিনি এনামুল হকের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহনের কথা জানিয়েছেন।
শৈশব থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল এনামুলের। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। অবশেষে মিলল সাফল্য। তিনি সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালিয়ে নেওয়ার দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি।
এ নিয়ে শুক্রবার প্রথম আলো অনলাইনে ও গতকাল শনিবার বিশাল বাংলায় ‘বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় এনামুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তারাগঞ্জের মানব কল্যাণ ঘর সামাজিক সংগঠনের সভাপতি শিপুল ইসলাম বলেন, ‘মনিরুজ্জামান স্যার একজন শিক্ষানুরাগী মানুষ। তাঁর অর্থে অনেকেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। প্রথম আলোর প্রতিবেদনটি তাঁর নজরে আসে। তাঁর কথা অনুযায়ী সরেজমিনে গিয়ে এনামুল হকের খোঁজখবর নেই। এনামুল হকের মা–বাবার সঙ্গে কথা বলি। তিনিও এনামুলের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
এরপর তিনি এনামুলের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া ‘মানব কল্যাণ ঘর’ মনিরুজ্জামান স্যারের সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।’
এনামুলের পড়ার খরচের দায়িত্ব নেওয়ার খবরে হাসি ফুটেছে তাঁর পুরো পরিবারে। এনামুলের মা বেবি বেগম বলেন, ‘ছেলেটার পড়ার খরচ নিয়া খুব চিন্তায় আছনু। আইজ আর কোনো চিন্তা নাই। প্রথম আলো পেপারোত খরব দেখি দেশের দয়ালু মানুষ মোর ছেলেটার পাশোত দাঁড়াইছে। যায় ওর পড়ার খরচ দিবে, আল্লাহ তাঁর ভালো করুক। ছেলেটা এখন লেখাপড়া শিখি অফিসার হবার পাইবে।’
এমন খবর শুনে খুবই আনন্দিত এনামুল। তিনি বলেন, ‘মনিরুজ্জামান স্যার আমার পড়ার খরচ দিতে চেয়েছেন। আমার আর কোনো দুশ্চিন্তা নেই। পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করব।’
জনপ্রতিনিধি, শিক্ষক ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর গ্রামে এনামুলের বাড়ি। তাঁরা সাত ভাইবোন। পাঁচজনই লেখাপড়া করে। বাবার ৪০ শতক আবাদি জমির চাষে ৯ সদস্যের সংসারে ভাত-ভর্তা ঠিকমতো জুটত না। অনেক দিন না খেয়ে স্কুল-কলেজে যেতে হয়েছে তাঁকে।
তবুও এনামুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন পূরণে নিজের পড়ার খরচ জোগাতে গ্রামের শিশুদের পড়িয়ে ২০১৮ সালে ইকরচালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসিতে জিপিএ-৪ দশমিক ৭৮ ও ২০২০ সালে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।