বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সব ধরনের ফি বাতিলসহ শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘রমজানে মানুষের কষ্ট যেন না হয়, সে জন্য মহাসড়ক ছেড়ে দিতে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা রেখেছে, তারা কর্মসূচি শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নেয়।’
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার পেছনে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় করাকে দায়ী করেছেন।
৪ এপ্রিল খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানান, বকেয়া ফির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছেন অন্তু রায়। এই দায় রাষ্ট্রকে নিতে হবে।
অবরোধ চলাকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাঈদ বলেন, একদিকে এই রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পেটাচ্ছে, অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে, আরেক দিকে অতিরিক্ত ফির জাঁতাকলে আত্মহত্যা করছেন শিক্ষার্থী। এই আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। শিক্ষা সবার মৌলিক অধিকার, এটি রাষ্ট্রকেই নিতে হবে। এই মৌলিক অধিকারের ব্যয় কোনো শিক্ষার্থী বহন করবে না।
ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি রাকিবুল হক বলেন, যে হারে বিশ্ববিদ্যালয়গুলোতে ফি বাড়ানো হচ্ছে, তাতে মেধাবীরা সুযোগ পেলেও পড়তে পারবেন না। ১৩ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন হলে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়। অন্তু রায়ের মতো আর কোনো শিক্ষার্থীর যদি আত্মহত্যার দিকে যেতে হয়, তাহলে সবাই এক সঙ্গে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবেন।