বিশ্রাম নিতে শুয়ে ছিলেন রেললাইনে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদরে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে
প্রতীকী ছবি

রাজবাড়ী সদরে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের ভাদাইল্যেপুল এলাকায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তনগর মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি।

ওই ব্যক্তির নাম লথু বিশ্বাস (৫০)। তিনি গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় কয়েক বাসিন্দা বলেন, লথু সকালে বাড়ি থেকে বের হন। ভাদাইল্যেপুল এলাকায় রেললাইনের পাশে তিনি পাটখেতে নিড়ানি দিচ্ছিলেন। রোদে কাজ করে তিনি ক্লান্ত হয়ে পড়লে রেল লাইনের ওপর বিশ্রাম নিতে যান। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রেন এলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘আন্তনগর ট্রেনটি রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল। স্থানীয় লোকজনের কাছে দুর্ঘটনার কথা জানতে পেরেছি। ঘটনাস্থলে থানার পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’