বিষপানে মারা যাওয়া দুই কৃষকের স্বজনদের প্রতি সিপিবির সমবেদনা
রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে মারা যাওয়া দুই কৃষকের বাড়িতে তাঁদের স্বজনদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। আজ শুক্রবার সকালে সিপিবির নেতারা গোদাগাড়ীর নিমঘটু গ্রামে ওই দুই কৃষকের বাড়িতে যান।
এ সময় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আফতাব হোসেন এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অজিত মন্ডলসহ অন্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সিপিবির পক্ষ থেকে নিহত দুই কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা সিপিবির সভাপতি এনামুল হক বলেন, এ ধরনের ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোকে চাপে রাখা হয়। মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের ভয়ভীতি দেখানো হয়। অনেক লোভলালসাও দেখানো হয়। সবকিছুর ঊর্ধ্বে থেকে দুই কৃষকের পরিবার যেন ঘটনার সুষ্ঠু বিচার পায়, সে জন্য তাঁদের সাহস দেওয়া হয়েছে।
এনামুল হক বলেন, ওই দুই কৃষকের স্বজনেরা তাঁদের জানিয়েছেন যে ঘটনার পর থেকে তাঁরা ভীত। সন্ধ্যার পর তাঁরা ভয়ে বাড়ির বাইরে বের হন না। দুই পরিবার কেন ভয় পাচ্ছে, সেটি প্রশাসনকে দেখতে হবে। দুই পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তারা যেন সঠিক বিচার পায়, সেটাও নিশ্চিত করতে হবে।
গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তাঁর চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষ পান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত ওই দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে হয়রানি করেছেন। এর প্রতিবাদে অভিনাথ ও রবি বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনায় দুটি মামলা করা হয়েছে। অভিযুক্ত নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন এখন কারাগারে।