বিষপানে মায়ের মৃত্যুর নয় দিন পর মারা গেল শিশু ফাইজাও

পারিবারিক কলহের জেরে মেয়ের মুখে বিষ ঢালার পর নিজেও বিষ পান করেছিলেন মা মৌসুমি আজাদ (২৬)। মা মারা গিয়েছিলেন বিষপানের পরদিনই। এবার মায়ের মৃত্যুর নয় দিন পর মারা গেল শিশু ফাইজাও (৮)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাইজা।
ফাইজা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা হার্ডওয়্যার ব্যবসায়ী লিটন মোল্লার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ২৪ অক্টোবর বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এবং স্বামীর ওপর অভিমান করে প্রথমে মেয়ে ফাইজাকে বিষপান করান মৌসুমি। শরীরে শক্তি হবে—এ কথা বলে ফাইজাকে বিষ পান করান তিনি। পরে তিনি নিজেও বিষ পান করেন। সেদিন সন্ধ্যায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মা মৌসুমিকে পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। ফাইজাও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল। সেখানেই নয় দিন পর মারা যায় সে।
ফাইজার চাচা খায়রুজ্জামান টিটো প্রথম আলোকে বলেন, ‘আমরা ফাইজাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু রোববার রাত সাড়ে ১০টার দিকে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৬ অক্টোবর প্রথম আলোয় ‘পারিবারিক কলহের জের মেয়েসহ মায়ের বিষপান’ এবং ২৭ অক্টোবর ‘মা-মেয়ের বিষপান, আত্মহত্যার চেষ্টাকারী মায়ের মৃত্যু’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।