বিসিআইসির বস্তায় সার কম!
সৌদি আরব থেকে আমদানি করা ইউরিয়া সারের বস্তায় নির্দিষ্ট ওজনের চেয়ে কম সার পাওয়া গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে ইউরিয়া সার থাকার কথা থাকলেও আছে ৪২ থেকে ৫০ কেজি। সারগুলো সৌদি সরকারের কাছ থেকে আমদানি করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।
বিসিআইসি বলছে, সব বস্তায় সার কম নেই। কোনো কোনো বস্তায় কম, আবার কোনো কোনো বস্তায় বেশি সার আছে। তাই যেসব বস্তায় কম আর বেশি সার আছে, সেগুলো খুলে ৫০ কেজির বস্তা তৈরি করা হবে। আর ৫০ কেজির বস্তাগুলো গুদামজাতকরণের মাধ্যমে ডিলারদের কাছে সরবরাহ করা হবে।
সৌদি আরব থেকে ১৫ হাজার ৭৫০ মেট্রিক টন ইউরিয়া আমদানি করে বিসিআইসি। সারবোঝাই জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছায় ৫ অক্টোবর। সেগুলো খুলনার শিরোমণি ঘাটে অবস্থিত বিসিআইসির বাফার গুদামে আনতে কিছু পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়। মেসার্স সুরমা বাণিজ্যিক প্রতিষ্ঠানের চারটি লাইটারজাহাজ সারের বস্তা নিয়ে ৭ অক্টোবর রাতে শিরোমণি ঘাটে পৌঁছায়। এরপর সারের বস্তাগুলো গুদামজাত করার আগে বাফার গুদামের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর হোসেন মেপে দেখেন ওজন কম। এ কারণে তিনি বস্তাগুলো গুদামে তুলতে অস্বীকৃতি জানান। এতে জাহাজমালিক ও বিসিআইসির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
>প্রতি বস্তায় ৫০ কেজি করে ইউরিয়া সার থাকার কথা থাকলেও আছে ৪২ থেকে ৫০ কেজি। সারগুলো সৌদি আরব থেকে আমদানি করেছে বিসিআইসি
পরে খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক সমিতি ৯ অক্টোবর বিসিআইসির খুলনা ও মোংলা প্রতিনিধিকে নিয়ে সব লাইটার জাহাজে থাকা বস্তার সার মেপে দেখেন। এতে বিভিন্ন বস্তায় থাকা সারের ওজন দুই থেকে আট কেজি করে কম পাওয়া যায়। আবার কিছু কিছু বস্তায় রয়েছে ৫০ কেজির বেশি।
জানতে চাইলে খুলনা ও মোংলা বিসিআইসির প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, যে পরিমাণ সার
আনার কথা ছিল, তা-ই আনা হয়েছে। হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বস্তায় বেশি আবার কোনো বস্তায় কম সার পড়েছে। তিনি আরও বলেন, যেসব বস্তায় সার কম-বেশি রয়েছে, সেসব বস্তা আলাদা করে রাখা হচ্ছে। এগুলো ভেঙে ৫০ কেজির বস্তা করা হবে।
সৌদি আরব থেকে সারগুলো এনেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এবং দেশের মধ্যে গুদামে নিয়ে যাচ্ছে সাউথ ডেলটা লিমিটেড। দুটি প্রতিষ্ঠানেরই মালিক মাহবুবুর রহমান খান। তিনি বলেন, ‘সৌদি আরব থেকে বিসিআইসির লোকেরা আমাদের যেভাবে বুঝিয়ে দিয়েছে, আমরা সেভাবেই নিয়ে এসেছি। আবার তা গুদামেও সেভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো বস্তায় সার কম থাকে, সে দায়ভার আমাদের নয়, বিসিআইসির।’
খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব সাইফুল ইসলাম বলেন, বিসিআইসি বস্তার সঠিক ওজন বুঝে না নেওয়ায় এর প্রভাব পড়বে কৃষকদের ওপর। কারণ, কৃষকেরা ৫০ কেজি সার ধরেই বস্তাগুলো কিনবেন। সেভাবে জমিতেও দেবেন। কিন্তু বস্তায় সারের পরিমাণ কম বা বেশি থাকায় ফসলেও এর প্রভাব পড়বে।
বিসিআইসির খুলনা জেলা ডিলার (পরিবেশক) সমিতির সভাপতি গাজী আবুল কালাম আজাদ বলেন, ‘সার নেওয়ার সময় যদি বস্তায় সারের পরিমাণ কম দেখেন, তাহলে ডিলাররা আমাদের কাছে অভিযোগ করেন। আমরা ওই অভিযোগ নিয়ে সরাসরি বিসিআইসির সঙ্গে কথা বলি। যদি নতুন আনা সারের বস্তায় কম সার থাকে, তা নিয়েও বিসিআইসির সঙ্গে কথা বলে হবে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক এস এম নাজিমুল ইসলাম বলেন, যদি কোনো বস্তায় লেখা থাকে ওজন ৫০ কেজি, এতে ৫০০ গ্রাম কম থাকলেও সেটা প্রতারণা। বাইরে থেকে প্যাকেট হয়ে আসা কোনো জিনিস সাধারণত নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম থাকে না। তবে এ ক্ষেত্রে যদি এমনটা হয়, তাহলে অন্য কোনো ‘বিষয়’ আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।