বিসিএসে এমসিকিউর পরিবর্তে অন্য পদ্ধতির সুপারিশ
মেধা যাচাইয়ের লক্ষ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের (এমসিকিউ) পরিবর্তে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা যায় কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ মঙ্গলবার এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ভূমি ব্যবস্থাপনার প্রস্তাবিত সংস্কার ও ডিজিটাইজেশনের অগ্রগতি সম্পর্কে অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। খবর বাসসের।
সভায় উত্তরাধিকার বা ক্রয়সূত্রে অথবা অন্যান্যভাবে প্রাপ্ত জনগণের মালিকানাধীন ভূমির নামজারীকরণ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সভায় পাবলিক সার্ভিস অ্যাক্টের নিরীক্ষামূলক রিভিউ করে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পাবলিক সার্ভিস কর্মকর্তাদের দেশের প্রতি আনুগত্যশীল, কর্মজীবনের পরিকল্পনা, চাকুরির নিরাপত্তা, বেতন-পারিতোষিক প্রাইভেট চাকরিজীবীদের সঙ্গে সামঞ্জস্যবিধান, মেধা বা বিশেষায়িত অভিজ্ঞতা বা পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি, কোটার ভারে ভারাক্রান্ত না রেখে নিয়োগ বা পদোন্নতিতে কোটা ন্যূনতম পর্যায়ে রাখা, কম্প্রিহেনসিভ বিমা চালু, কর্মরত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন-ভাতা বৃদ্ধি—এসব বিষয় সিভিল সার্ভিস অ্যাক্টে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম, পরীক্ষাপদ্ধতি, নিয়োগপদ্ধতি, পারিতোষিক পদ্ধতি এবং কাঙ্ক্ষিত লক্ষ্য সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আবদুল্লাহ, মুস্তফা লুত্ফুল্লাহ ও খোরশেদ আরা হক সভায় অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর এবং ‘বেতন ও চাকরি কমিশন-২০১৩’-এর চেয়ারম্যান ফরাসউদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।