বিস্কুট খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশুকে হত্যা, তরুণ কারাগারে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে তরুণকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শরিফ মিয়া (২৫) উপজেলার পূর্ব ধুরাইল গ্রামের মো. শাহ্জাহানের ছেলে। নিহত শিশুর নাম সুমন মিয়া (৮)। সে ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ১০-১৫ দিন আগে শিশু সুমনের সঙ্গে শরিফ মিয়ার কথা-কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে শরিফ দা নিয়ে সুমনের দিকে তেড়ে আসেন। ওই ঘটনায় শরিফের বাবা শাহ্জাহান ক্ষমা চেয়েছিলেন। তবে শরিফ মনের মধ্যে রাগ পুষে রেখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে সুমনকে বিস্কুট খাওয়ানোর কথা বলে উপজেলার কোদালিয়া ফেরিঘাটের দিকে নিয়ে যান সুমন। সেখানে দা দিয়ে কুপিয়ে সুমনকে হত্যা করেন তিনি। ওই সময় এলাকাবাসী শরিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার রাতে সুমনের বাবা বাদী হয়ে শরিফকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমনকে হত্যার কথা স্বীকার করেছেন শরিফ। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার শরিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।