বিড়ালডাকের ফাঁদে ফেলে বাসাবাড়ি থেকে মুঠোফোন চুরি করে চক্রটি
মমতা সিকদার নামের এক গৃহিণী রাতে শোবার ঘরে বসে ছিলেন। রান্নাঘরের আশপাশে হঠাৎ বিড়ালের ডাক শুনতে পান। এর কিছুক্ষণ পর পাতিল পড়ার শব্দ পেয়ে বিছানার ওপর মুঠোফোন রেখে সেখানে যান। কয়েক মিনিট পরে শোবার ঘরে ফিরে দেখেন মুঠোফোনটি নেই। জানালা দিয়ে বিছানার চাদর টেনে সেটি নিয়ে গেছে চোর চক্র।
১ মার্চ রাতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মহিলা কলেজ সড়কের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এরপর রান্নাঘরের বাইরে একটি লাঠি পড়ে থাকতে দেখেন মমতা। তাঁর ধারণা, চোর চক্রের কেউ বিড়ালের ডাক নকল করতে পারে। এভাবে বিড়ালের মতো করে ডাকার পর লাঠি দিয়ে রান্নাঘরের হাঁড়ি–পাতিল ফেলে ফাঁদে ফেলে তারা।
গত দুই মাসে পৌর এলাকায় অন্তত ১৫টি মুঠোফোন চুরির খবর পাওয়া গেছে। সর্বশেষ গত রোববার রাতে পৌরসভার বহেরাতলা মহল্লার এক বাড়ির জানালা দিয়ে মুঠোফোন চুরি করে পালানোর সময় মো. নয়ন (২০) নামের এক চোরকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। নয়নের বাড়ি উপজেলার দক্ষিণ ফুলঝুড়ি গ্রামে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোর চক্র কয়েক মাস ধরে বাসাবাড়ির জানালা দিয়ে মুঠোফোন চুরি করে যাচ্ছে। বেশির ভাগ চুরির ঘটনার ধরন একই। চুরি শেষে চোরকে পালাতে দেখেছেন এমন তিন ব্যক্তি জানান, কিশোর বয়সীদের একটি চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত।
উপজেলার ৮৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকরী তালুকদার পৌরসভার গয়ালীপাড়া মহল্লার একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। ৩ মার্চ রাতে তিনি শোবার ঘরে মুঠোফোন নিয়ে বসে ছিলেন। একই কায়দায় রাত সাড়ে আটটার দিকে বিড়ালের ডাক ও পরপরই রান্নাঘরে পাতিল পড়ার শব্দ শুনতে পান কিংকরী। ফোনটি বিছানায় রেখে রান্নাঘরে গিয়ে আবার শোবার ঘরে ফিরে আসেন তিনি। এটুকু সময়ের মধ্যে এসে দেখেন, বিছানা থেকে ফোনটি চুরি হয়ে গেছে।
কিংকরী তালুকদার বলেন, ‘আমার পাশের দুটি ফ্ল্যাট থেকে কিছুদিন আগে তিনটি মুঠোফোন চুরি হয়েছে। বিছানায় রাখা ফোনগুলো ফাঁদে ফেলে জানালা দিয়ে নিয়ে যায় চোরেরা। ৩ মার্চ রাতে আমার ৪০ হাজার টাকা দামের ফোনটি নিয়ে যায়। আমার ধারণা, দুজন মিলে ঘটনাটি ঘটিয়েছে। একজন শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ছিল। অন্যজন বিড়ালের মতো করে ডেকে রান্নাঘরের জানালা দিয়ে লাঠির সাহায্যে কিছু ফেলে দেয়। আমি রান্নাঘরে শব্দ শুনে ছুটে গেলে এই সুযোগে চোর শোবার ঘরে বিছানার ওপর রাখা ফোন নিয়ে নেয়।’
মঠবাড়িয়া পৌরসভার গয়ালীপাড়া মহল্লার জমাদ্দার ম্যানসনের দুটি ফ্ল্যাট থেকে তিনটি মুঠোফোন চুরি হয়েছে এক সপ্তাহে। এ বাড়ির ভাড়াটিয়া নাদিরা পারভীন বলেন, ‘বৃহস্পতিবার রাতে বিছানার ওপর মুঠোফোন রেখে বাজারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ফোনটি নেই। এক দিন পর শনিবার রাত সোয়া আটটার দিকে পাশের ভবনের ছাদ থেকে বিড়ালের ডাক শুনতে পাই। তবে ডাকটা একটু কর্কশ ও ঠিক বিড়ালের নয় বলে মনে হলেও গুরুত্ব দিইনি। কয়েক মিনিট পর পাশের ঘরে শব্দ শুনে বিছানায় মুঠোফোন রেখেই ছুটে যাই। গিয়ে দেখি, মেঝেতে একটি ধাতব বস্তু পড়ে আছে।
এরপর শোবার ঘরে ফিরে দেখি, বিছানার চাদর টেনে মুঠোফোনটি নিয়ে গেছে চোর।’
মঠবাড়িয়া আদালতের জারিকারক মীর রাজিবের বাসা থেকে দুই মাস আগে একটি মুঠোফোন চুরি হয়। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি করেছি। কিন্তু কোনো ফল পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, ‘মুঠোফোনসহ একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছি।’