বিয়ানীবাজারে ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্যে মুগ্ধ দর্শক
মাঠের চারপাশে হাজারো দর্শক। ফুটবল নিয়ে খেলোয়াড়েরা দৌড় দিলেই সমস্বরে শুরু হয় চিৎকার। ৯০ মিনিটজুড়ে উত্তেজনাপূর্ণ এমন আবহ থাকলেও গোল পায়নি কোনো দলই। পরে টাইব্রেকারে নির্ধারিত হয় জয় পরাজয়।
এ দৃশ্য সিলেটের বিয়ানীবাজারে মেয়র কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালের।
বিয়ানীবাজার উপজেলার পঞ্চখ-হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খেলা শুরু হয় রোববার বেলা তিনটায়। নির্ধারিত সময়ে উভয় দলই ক্রীড়া নৈপুণ্যে হাজারো দর্শককে মোহিত করলেও গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে মোহামেডান ক্রীড়া চক্র দল আবাহনী ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তবে খেলা শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে থেকেই উপজেলার দূরদূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা এসে মাঠে অবস্থান নেন। খেলা শুরুর পর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়টা উপভোগ করেন দর্শনার্থীরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নুর। এ পর্বে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর উপস্থিত ছিলেন। উপজেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করেছিল।