সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্রীদের ডেকেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের প্রাক্তন দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে কমিটি। আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ কক্ষে অভিযোগের শুনানি হবে। এতে সশরীর উপস্থিত থাকতে সাময়িকভাবে বরখাস্ত দুই শিক্ষক এবং অভিযোগ তোলা দুই ছাত্রীকে চিঠি দিয়ে ডাকা হয়েছে।

বিয়াম মডেল স্কুল ও কলেজের ইংরেজি বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক প্রাক্তন ছাত্রী। মেয়েটির অভিযোগ, যৌন হয়রানির প্রতিবাদ করায় তাঁকে ফোন করে হুমকি দেন ওই শিক্ষক। ওই ফোনালাপের অডিও এবং ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল প্রস্তাবের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর তোলপাড় শুরু হয়। অন্যদিকে বাংলা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আরেক প্রাক্তন ছাত্রী। মেয়েটির অভিযোগ, ওই শিক্ষক গত জানুয়ারি মাসে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ২২ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু বিচারের বদলে উল্টো অভিযোগ প্রত্যাহারের চাপ শুরু হয়। শিক্ষকেরা নানাভাবে ভয়ভীতি দেখান। পরে অধ্যক্ষের কক্ষে ডাকা হয় মেয়েটিকে। সেখানে মৌখিকভাবে শিক্ষক ক্ষমা চান। বিষয়টি মীমাংসা করতে মেয়েটিকে বাধ্য করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর কক্ষে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
মো. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, বিয়াম স্কুল ও কলেজ, বগুড়া

উভয় ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। তিনি সোমবার অভিযোগ ওঠা দুই শিক্ষক এবং অভিযোগ তোলা প্রাক্তন দুই ছাত্রীর নামে নোটিশ জারি করেন। নোটিশে চারজনকেই বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর কক্ষে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

‘বিতর্কিত কমিটি, প্রশ্নবিদ্ধ তদন্ত’
অভিযোগ তোলা দুই শিক্ষার্থী ও তাঁদের পক্ষে সোচ্চার থাকা ব্যক্তিরা বলছেন, তাঁদের এই তদন্ত কমিটির ওপর আস্থা নেই। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় সামনে আনছেন তাঁরা। প্রথমত, এই তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে এর আগে অভিযোগ ওঠা ব্যক্তিদের পক্ষ নেওয়ার অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, যৌন হয়রানির অভিযোগ হলেও কমিটিতে কোনো নারী সদস্যকে রাখা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাভাবে অভিযোগকারীদের চাপ দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাঁরা গণশুনানি আয়োজনের দাবি তুলেছেন।

বাংলা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলা মেয়েটি বলেন, তিনি প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে আগেই ব্যর্থ হয়েছেন। তখন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক দুজনই ওই শিক্ষকের পক্ষ নিয়ে বিতর্কিত ভূমিকা রেখেছেন। তাঁদের অধীনে কোনো তদন্ত সুষ্ঠু হতে পারে না। কমিটিতে তাঁদের বদলে নিরপেক্ষ কাউকে রাখতে হবে। তা ছাড়া এই কমিটিতে কোনো নারী সদস্য রাখা হয়নি। প্রশাসন আসলে তদন্তের নামে তাঁকে আরেক দফা অপদস্থ করতে চাইছে। তদন্ত কমিটিকে তিনি চিঠি দিয়ে এসব বিষয় জানিয়ে দেবেন।

অন্যদিকে ইংরেজি বিভাগের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলা মেয়েটি ক্ষোভ প্রকাশ করে বলেন, অপকর্ম ধামাচাপা দিতেই বিতর্কিত তদন্ত কমিটি করা হয়েছে। এভাবে তদন্তের নামে চরিত্রহীন শিক্ষককে দায়মুক্তির আয়োজন চলছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিভাবকদের কাছে ফোন করে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। তদন্ত করতে হলে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গণশুনানির আয়োজন করতে হবে।

দুই শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব বিষয় সামনে রেখে সোচ্চার হয়েছেন। তাঁরা নিরপেক্ষ ব্যক্তি ও নারী সদস্যের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন ও গণশুনানির দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেবেন।

দুই শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব বিষয় সামনে রেখে সোচ্চার হয়েছেন। তাঁরা নিরপেক্ষ ব্যক্তি ও নারী সদস্যের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন ও গণশুনানির দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেবেন। জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অপরজন হলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান।
তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, জেলা প্রশাসক যেভাবে চেয়েছেন, সেভাবেই তদন্ত কমিটি হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই সঠিক তদন্ত হবে না, এমন মন্তব্য করা ঠিক নয়। আর প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের কোনো বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই।

মানববন্ধন ও সমাবেশ
অভিযোগ ওঠা দুই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে জেলা শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বগুড়া জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মণ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদের বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল বর্মণ, সংগঠনের বগুড়া জেলা কমিটির দপ্তর সম্পাদক বিকাশ রায়, অর্থ সম্পাদক নিয়তি সরকার, স্কুল সম্পাদক আয়শা আক্তার প্রমুখ ।

সমাবেশে বাসদ নেতা সাইফুল ইসলাম বলেন, যৌন হয়রানির অভিযোগ ওঠা শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অধ্যক্ষকে কমিটিতে রেখে প্রশ্নবিদ্ধ কোনো তদন্ত মেনে নেওয়া হবে না।