বিয়ে করতে বাংলাদেশে এক মার্কিন নারী
চাঁদপুরের ৫৩ বছর বয়সী শাহাদাত হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫৫ বছর বয়সী মার্কিন নারী জোন্স জিনা। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়ের দেনমোহর ১২ হাজার টাকা।
বর শাহাদাতের ছোট ভাই মালেক প্রধানিয়া বলেন, তাঁর ভাই মালয়েশিয়ায় থাকতেন। সেখানে তিনি মালয়েশিয়ার এক নারীকে বিয়ে করেন। অনেক বছর ধরে তিনি সেখানেই ছিলেন। করোনাকালে শাহাদাত তাঁর স্ত্রীকে মালয়েশিয়ায় রেখে দেশে চলে আসেন। এরপর থেকে তিনি বেকার।
মালেক প্রধানিয়া বলেন, তাঁদের এক ভাই আবু জাফর বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন। তিনি শাহাদাতের সঙ্গে জিনার টেলিফোনে আলাপ করিয়ে দেন। আবু জাফর ভাইকে বিয়ে করাতে নিজের পরিবার ও জিনাকে নিয়ে গত বৃহস্পতিবার দেশে আসেন। গতকাল দুপুরে এলাকার লোকজন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে শাহাদাত ও জিনার বিয়ে হয়। এই বিয়ের খবরে উৎসাহী লোকজন ভিড় জমায়।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাদাতের ভাই আবু জাফর প্রধানিয়া ২০১০ সালে দুবাইয়ের একটি হোটেলে কাজ করতেন। তখন তিনি ফাতেমা মোহাম্মদ মুসা নামের এক মার্কিন নারীকে বিয়ে করেন। বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।