বিয়ে নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে নিহত
প্রতীকী ছবি

হবিগঞ্জের সদর উপজেলায় বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শৈলজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সজীব আহমেদ (২০)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে। যিনি তাঁকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ, তাঁর নাম কাদির আহমেদ উজ্জ্বল। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আগের পরিচয়ের সূত্র ধরে হবিগঞ্জের শৈলজুরা গ্রামের মানিক মিয়ার বাড়িতে আসা–যাওয়া করতেন সজীব আহমেদ। তিনি গতকাল ওই বাড়িতে বেড়াতে এসে মানিক মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হননি মেয়ের বড় বোনের স্বামী কাদির আহমেদ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সজীব একটি লাঠি দিয়ে কাদিরের হাতে আঘাত করেন। তখন কাদির উত্তেজিত হয়ে সজীবকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সজীবকে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন কাদিরকে আটক করে পুলিশে দেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ঘটনাস্থল থেকে কাদিরকে আটক করা হয়েছে। সজীবের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।