বিয়ের অনুষ্ঠান থেকে কনেকে অপহরণের চেষ্টা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে কনে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কনের মামাতো ভাই। আজ শুক্রবার বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশ সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের ইমরান হোসেন তালুকদার (৩২) ও সাদমান আলীম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার জোড়শিমুল গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুমিতা খাতুনের (১৮) সঙ্গে শাহজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার সামিউল মান্নানের (২৫) বিয়ে হয়। বিয়েবাড়িতে ধুমধাম চলছিল। এ সময় ইমরান ও সাদমান বিয়েবাড়িতে এসে সুমিতাকে অপহরণের চেষ্টা করেন। তখন তাঁর মামাতো ভাই মেহেদী হাসান বাধা দেন। ওই দুজন তাঁকে ছুরি মেরে পালানোর চেষ্টা করেন। তখন বিয়েবাড়ির লোকজন ধাওয়া করে ইমরান ও সাদমান আলীকে আটকের পিটুনি দেন। পরে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আহত মেহেদী হাসানকে প্রথম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানাহাজতে আটক ইমরান হোসেন বলেন, ‘সুমিতা আমার পরিচিত। তাঁর বিয়ের খবর পেয়ে তাঁকে দেখার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম। তাঁকে অপহরণের চেষ্টা করিনি। বিয়েবাড়ির লোকজন মিথ্যা অভিযোগে ক্ষুব্ধ হয়ে আমাদের মারধর করেছেন। পালানোর সময় ধস্তাধস্তির সময় সুমিতার ভাই আহত হয়েছেন। তাঁকে কেউ ছুরিকাঘাত করেনি।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।