বিয়ের অনুষ্ঠানের আগে হোটেলে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চায়নিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ শনিবার। প্রস্তুতি নিতে বাবুর্চি সকালে উপস্থিত হন হোটেলে। রান্নার জিনিসপত্র বুঝে নিতে যখন হোটেলবয়ের কক্ষে কড়া নাড়েন, তার কিছুক্ষণ পর ওই কক্ষে মেলে একটি লাশ। কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।

ইডেন নামের ওই চায়নিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলটি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকায়। উদ্ধার হওয়া লাশ হোটেলবয় আতাউর রহমানের (৪৫)। এ ঘটনায় ওই কক্ষে থাকা অপর হোটেলবয়কে সন্দেহ পুলিশ ও হোটেলমালিকের। ঘটনার পর থেকে ওই কর্মচারী পলাতক। হোটেলমালিক জানিয়েছেন, পলাতক কর্মচারীর নাম বাদল।

নিহত আতাউরের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক মহিদুল গ্রামে। তিনি ১৫ বছর ধরে হোটেলেবয় হিসেবে কাজ করতেন। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

হোটেলটির মালিক যৌথভাবে মঞ্জুর রহমান ও রাসেল মাহমুদ নামের দুই ব্যক্তি। মঞ্জুর রহমান জানান, আতাউর ও বাদল রাতে ওই কক্ষে ঘুমাতেন। গতকাল শুক্রবার রাতে কাজ শেষে তাঁরা ঘুমাতে যান। আজ হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগেই আতাউরের লাশ মিলল।

বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাবুর্চি সাইফুল ইসলাম সকালে হোটেলে যান। তাঁর বরাত দিয়ে মঞ্জুর রহমান বলেন, বাবুর্চি সাইফুল রান্নার জিনিসপত্র বুঝে নেওয়ার জন্য আতাউর ও বাদলকে ডাকতে কক্ষের দরজায় কড়া নাড়েন। সেখানে গিয়ে তিনি কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।

মঞ্জুর বলেন, বিষয়টি বাবুর্চির কাছে থেকে শোনার পর প্রথমে মনে হয়েছিল আতাউর ও বাদল তাঁদের কক্ষ তালা মেরে বাইরে কোথায় গিয়েছেন। কিন্তু তাঁদের মুঠোফোন নম্বরে বারবার কল করার পরও রিসিভ না হওয়ায় সন্দেহ হয়। তখন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে আতাউরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

যে কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়, সেখানে একটি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এই হত্যার কারণ সম্পর্কে এখনই সুস্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে পলাতক হোটেলবয় বাদলকে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বলছে, কক্ষের তালার চাবি ভেতরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে তালা মেরে দরজার নিচ দিয়ে চাবি ভেতরে ছুড়ে ফেলা হয়। পলাতক বাদলকে আটকের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলমালিক ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের।

ওসি নজরুল ইসলাম বলেন, নিহত আতাউরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। যে কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়, সেখানে একটি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, প্রথমে ওই চেয়ারের পা কিংবা হাতল দিয়ে পিটিয়ে আতাউরকে নির্যাতন করা হয়। পরে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষে থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।