বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে স্থানীয় কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের টনকীপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। এরপর আজ রোববার দুপুরে ওই স্কুলছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা করে। এই মামলায় আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।
ওই শিক্ষক উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কোচিং সেন্টারের সহকারী শিক্ষক এবং আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই ছাত্রীর পরিবার খুবই দরিদ্র। ছোটবেলায় তার বাবা তাদের রেখে অন্যত্র চলে যান। এর পর থেকে তার মা বিভিন্ন বাসায় কাজ করে সংসার চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই নানির কাছে থাকে। ওই ব্যক্তি তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে আসছিলেন। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। ওই ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গতকাল রাত দেড়টার দিকে আদ্রা ইউনিয়নের টনকীপাড়া এলাকা থেকে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করার অভিযোগে আজ দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করে। মামলার একমাত্র আসামি ওই শিক্ষক। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।