বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ, কনস্টেবলের নামে মামলা

ধর্ষণ
প্রতীকী ছবি

ফেনীতে পুলিশ কনস্টেবল শরীফ উদ্দিন বাবলুর (২৬) নামে ধর্ষণ অভিযোগে মামলা করেছেন এক তরুণী (২২)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

অভিযুক্ত শরীফ উদ্দিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকায়। তিনি বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে শরীফ উদ্দিনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীকে বিয়ে করার কথা বলে একাধিকবার ফেনী পৌর শহরের মহিপাল এলাকায় একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তিনি। ওই তরুণীর বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলায়। সম্প্রতি তরুণী পুলিশ সদস্য শরীফকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য শরীফ উদ্দিনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেনী শহর ফাঁড়ি পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।