বিয়ের দুই দিন পর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে বিয়ের দুই দিন পর এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার হাওলাদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

সোনিয়া ওই গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে গত শনিবার সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন ওরফে রুবেলের সঙ্গে পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয়।

পুলিশ ও সোনিয়ার স্বজনেরা জানান, গত শনিবার ঘরোয়া পরিবেশে সোনিয়া ও রুবেলের বিয়ে হয়। বিয়ের পরদিনই রুবেল ঢাকায় চলে যান। বিয়ের পর বউভাত অনুষ্ঠিত না হওয়ায় সোনিয়া তাঁর বাবার বাড়িতেই থাকতেন। আজ দুপুরে সোনিয়ার পরিবারের লোকজন দেখতে পান সোনিয়া দীর্ঘ সময় ধরে তাঁর ঘরের দরজা-জানালা বন্ধ করে রেখেছেন।

এরপর অনেকক্ষণ সোনিয়ার কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের জানালার ফাঁক দিয়ে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে সোনিয়ার লাশ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক বলেন, সোনিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোনিয়ার স্বামী রুবেল ঢাকায় থাকেন। সোনিয়ার মুঠোফোনে দেখা গেছে, আজ সকালে সোনিয়া তাঁর স্বামীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে। মুঠোফোনে বাগ্‌বিতণ্ডার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোনিয়ার স্বামীকে খবর দেওয়া হয়েছে। তিনি লক্ষ্মীপুর এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।