বিয়ের দুদিন পরই লাশ হয়ে বাড়ি ফিরলেন সহিদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দুদিন আগেই বিয়ে করে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেছিলেন সহিদুজ্জামান (৩৮)। কিন্তু সড়ক দুর্ঘটনা তাঁর জীবনখাতার ইতি টেনে দিল। শনিবার রাত ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শিক্ষকতা করতেন সহিদুজ্জামান। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর বনকাজল গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে। গত শুক্রবার বাউফলের দশমিনা এলাকার লামিয়া জেবিনকে বিয়ে করেন তিনি।

বনপাড়া হাইওয়ে থানা ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে বনপাড়া বাইপাস মোড় থেকে শ্বশুর-শাশুড়িকে বরিশালগামী বাসে তুলে দিয়ে সহিদুজ্জামান ও তাঁর মামাশ্বশুর জাকির হোসেন হেঁটে বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন সহিদুজ্জামান। এ সময় পেছন থেকে পাবনাগামী একটি ট্রাক তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সহিদুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ সহিদুজ্জামানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেখান থেকে পরে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নববিবাহিত এই যুবকের মৃত্যুতে তাঁর কর্মস্থল ও বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে সহিদুজ্জামানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাকটি শনাক্ত করা গেলে এর চালককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।