বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পুড়িয়ে হত্যার চেষ্টা
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক তরুণীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে শরীফ মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ওই তরুণীর মা থানায় মামলা করেছেন।
অগ্নিদগ্ধ বিবাহিত ওই তরুণী মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকেরা পরিবারকে জানিয়েছেন।
পুলিশ ও তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজে পড়ালেখা অবস্থায় ওই তরুণীর সঙ্গে শরীফের প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে পারিবারিকভাবে পাশের শিবালয় উপজেলার এক যুবকের সঙ্গে তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে চলে যাওয়ায় বাবার বাড়িতে থেকে তিনি পড়ালেখা করেন। আগের প্রেমের সম্পর্কের অজুহাতে তরুণীকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দেন শরীফ। গত সোমবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে একা পেয়ে আবারও বিয়ের প্রস্তাব দেন শরীফ। তবে এতে রাজি না হওয়ায় কথা–কাটাকাটির একপর্যায়ে শরীফ তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তরুণীর আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে শরীফ পালিয়ে যান।
ঘটনার পর থেকে শরীফ পলাতক। আজ বুধবার দুপুরে অভিযোগের বিষয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় গতকাল রাতে তরুণীর মা বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।