বীজ বিতরণের দেড় মাস পর প্রশিক্ষণ
উন্নত মানের পাটের বীজ উৎপাদনের জন্য দেড় মাস আগে ১৫০ জন কৃষকের মধ্যে ২০০ গ্রাম করে বীজ বিতরণ করা হয়। এ ধরনের বীজ বপনের সঠিক সময়ও ভাদ্র–আশ্বিন মাস। কিন্তু বীজ পাওয়া কৃষকদের ওই সময় কী কৌশলের আশ্রয় নিলে ভালো বীজ পাওয়া যাবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়নি। ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজ রোববার। এই সময়ে প্রশিক্ষণ দিলে তা কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
গত ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইল উপজেলার শতাধিক কৃষককে ২০০ গ্রাম করে পাটবীজ দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উন্নত মানের বীজ উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক কৃষককে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানা গেছে।
দেড় মাস আগে বীজ দেওয়ার পর এখন প্রশিক্ষণ দেওয়া হলে কী লাভ হবে, এমন প্রশ্নের জবাবে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির জন্য কৃষকেরা জমিতে বীজ ফেলতে পারেননি। তা ছাড়া যথাসময়ে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না আসায় বীজ বিতরণের সময় প্রশিক্ষণ আয়োজন করা সম্ভব হয়নি।