হবিগঞ্জের বানিয়াচং
বীজে ভেজাল,বিপাকে চাষি
এ বছর উপজেলায় ৩৩ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বোরো চাষ সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি করা হয়।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চাষিরা এবার বোরো মৌসুমে নিম্নমান ও ভেজাল হাইব্রিড বীজ ব্যবহার করে বিপাকে পড়েছেন। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের সাত থেকে আট হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়ে গেছে।
কৃষি কার্যালয়ের দাবি, শুধু ত্রুটিপূর্ণ বীজ নয়, খাদ্যসংকট (জিংক) ও আবহাওয়ার কারণেও এ সমস্যা হতে পারে। উপজেলার নিম্নাঞ্চলের জমিতেই এ সমস্যা বেশি। বিষয়টি তারা জেলা ধান গবেষণা ইনস্টিটিউটকে জানিয়েছে। তবে স্থানীয় কৃষকদের দাবি, বীজ ব্যবসায়ীরা তাঁদের নিম্নমানের ও ভেজাল বীজ সরবরাহ করায় তাঁরা এ ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩৩ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বোরো চাষ সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি করা হয়। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এ ধান কাটা। কিন্তু এ বছর এ ধান কাটার আগমুহূর্তে এসে উপজেলার সুজাতপুর, পৈলারকান্দি, মক্রমপুর, মন্দরী ও মুরাদপুর ইউনিয়নের চাষিরা দেখতে পান, তাঁদের অধিকাংশ জমির ধানের গোছায় অর্ধেক আঁশ থাকলেও বাকি সব চিটা। পাঁচটি ইউনিয়নের সাত থেকে আট হাজার একর জমির একই অবস্থা।
শুধু ত্রুটিপূর্ণ বীজ নয়, খাদ্যসংকট (জিংক) ও আবহাওয়ার কারণেও এ ঘটনা ঘটতে পারে।
সরেজমিন উপজেলার সুজাতপুর ইউনিয়নের হাওরে দেখা যায়, অধিকাংশ জমিতেই এ মৌসুমে কৃষকেরা বোরো ধান চাষ করেছেন। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এ ধানের ছড়ায় পরিমাণমতো ধান নেই।
উপজেলার ইকরাম গ্রামের আবদুল বাছির বলেন, এ এলাকার চাষিরা সবাই বাজার থেকে হাইব্রিড বীজ ক্রয় করে ব্যবহার করেছেন। চাষাবাদের পরই বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ বোরো ধানগাছ দেখা যায়। যখন ধানের গোছায় ধান থাকার কথা, ঠিক তখন চাষিরা দেখতে পান ছড়ার অধিকাংশ ধানে কোনো আঁশ নেই। এসব চারায় আর ধান গজানোর কোনো সম্ভাবনাও নেই। এ ছাড়া হাওরে বছরে একবারই ধানের চাষ হয়। এখন গরুকে এ ধানের ছড়া খাওয়ানো ছাড়া উপায় নেই।
পৈলারকান্দি গ্রামের কৃষক হিরা মিয়া বলেন, ‘প্রতিবছর কার্তিক মাসে চাষিরা বাজার থেকে বিভিন্ন জাতের ধানের বীজ ক্রয় করে থাকেন। পরে চারা রোপণ করা হয় মাঘ মাসের দিকে। জমিতে প্রয়োজনীয় সার, পানিসহ সব ধরনের উপকরণ দেওয়া হয়েছে। কিন্তু ধান বের হওয়ার সময় দেখা গেছে, জমির অধিকাংশ ধানই বের হয়নি, আবার কিছুটা বের হয়ে ভেঙে গেছে। এ অবস্থা দেখে আমাদের মাথায় হাত। অনেক কৃষক খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন।’
মক্রমপুর গ্রামের কৃষক নবাব আলী বলেন, প্রতিবছরের মতো এবারও তিনি মানুষের জমি বর্গা নিয়ে চাষ করেছিলেন। কিন্তু এখন ধান নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন। যে জমিতে ধান হতো ২২-২৫ মণ, এখন হবে ৮-১০ মণ। এ অবস্থায় কী করবেন, তা ভেবে পাচ্ছেন না।
সুজাতপুর হাওরের সেচ প্রকল্পের দায়িত্বে থাকা ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, ৫টি ইউনিয়নের ১০ থেকে ১২ হাজার একর জমিতে নিম্নমানের বীজ ব্যবহার করে বিপাকে পড়েছেন চাষিরা। জমির অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, বীজ ডিলার এ বছর পুরোনো বীজ সরবরাহ করেছেন কৃষকদের।
বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, সরেজমিনে পরিদর্শন করে মনে হয়েছে, শুধু ত্রুটিপূর্ণ বীজ নয়, খাদ্যসংকট (জিংক) ও আবহাওয়ার কারণেও এ ঘটনা ঘটতে পারে। পাশাপাশি চাষিরা পুরোনো বীজ ক্রয় করে থাকলেও এ সমস্যা হতে পারে। পুরো বিষয়টি গবেষণার প্রয়োজন। বিষয়টি জেলা নাগুড়া ধান গবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ ক্ষতির বিষয়ে একটি ধারণাপত্র দিয়েছেন বলে জানান ওই কৃষি কর্মকর্তা।