বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দ্বন্দ্বে আ.লীগে পদ হারালেন উপজেলা চেয়ারম্যান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সঙ্গে বিতর্ক ও দ্বন্দ্বে জড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারালেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়।
বিষয়টি আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলী, সহসভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবীসহ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছিত করেন তোফায়েল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় প্রধানের নির্দেশে তাঁকে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাখাওয়াত হোসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গতকাল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ওই ঘোষণা দেওয়ার কথা জানান। তোফায়েল ২০১৩ সালের ৬ জুন অনুষ্ঠিত কাউন্সিলে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের প্রথম দিকে দলীয় মনোনয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে দলের একাধিক নেতা–কর্মী অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তোফায়েল। দলীয় মনোনয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এতে করে দলের মধ্যেও বিভক্তি দেখা দেয়। গত বছরের শেষ দিকে ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন। এ ছাড়া ইউপি নির্বাচনে তাঁর বোড়াগাড়ী ইউনিয়নে প্রভাব বিস্তারের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে চেয়ারম্যান পদে নিজের স্ত্রীর পক্ষে দলীয় মনোনয়ন আদায়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগপ্রক্রিয়ায় অবৈধ প্রভাব বিস্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিত করে প্রক্রিয়া বন্ধ করা এবং পাট মন্ত্রণালয়ের জমিতে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে ব্যক্তিগত কার্যালয় স্থাপনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেক দিন ধরেই আমরা আলোচনা–সমালোচনা শুনে আসছি। আমরা কিছু তথ্য–প্রমাণও পেয়েছি। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা পর্যায়ের সরকারি কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে তোফায়েলের ঘটনা, বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের অনুষ্ঠান বর্জনের বিষয়টি সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সুরাহা করার নির্দেশনা ছিল মাননীয় নেত্রীর।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলার সভাপতি খায়রুল আলম, ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে তোফায়েলও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনার পাশাপাশি গোটা হাউসে কথাগুলো উত্থাপন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এই বছরে এবং স্বাধীনতার মার্চ মাসের শেষ প্রহরে মহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে তোফায়েল আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এটি দলের মধ্যে শুদ্ধি অভিযানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।
তোফায়েলের বাবা শওকত আলী সরকার একজন রাজাকার ছিলেন দাবি করে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত জাতীয় পতাকায় স্বাধীনতাবিরোধী পরিবারের কারও হাতের ছোঁয়া লেগে আমরা জাতীয় পতাকা কলঙ্কিত করতে চাই না। তাঁর উপস্থিতির কারণে আমরা বিভিন্ন জাতীয় দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠান বর্জন করেছি। এতে করে তোফায়েল আহমেদের বিভিন্ন অশালীন আচরণের শিকার হতে হয়েছে আমাদের।’
এ বিষয়ে তোফায়েল আহমেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী উপজেলা নির্বাচনে আমার কাছে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, যা সত্য নয়।’