বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই ভ্যানযাত্রী
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ডস্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁওয়ের গড়েয়াহাট চণ্ডীপুর গ্রামের বাচ্চু মিয়া (৫০) ও বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আবদুল বাসেদ (৬০)। তাঁরা দুজনই ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় ওই ভ্যানের চালক আলতাফুর (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গতকাল রাতে ভোগনগর এলাকা থেকে আলতাফুর তাঁর ভ্যানে যাত্রী নিয়ে থেকে বীরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি চাকাই হিমাদ্রী কোল্ডস্টোরেজের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় ভ্যানচালক ও এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেক যাত্রীর মৃত্যু হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার পরিদর্শক সফিউল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ওই ট্রাকের চালক ও সহকারী পলাতক।