বৃদ্ধ বয়সে আবদুল কুদ্দুছ (৭২) ভেবেছিলেন ছেলের সংসারে বাকি জীবন কাটিয়ে দেবেন। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। বরং ছেলের আকস্মিক মৃত্যুর পর পুত্রবধূ ও চার নাতনির ভার বহন করতে হচ্ছে তাঁকে।
আবদুল কুদ্দুছের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের উলুহাটি গ্রামে। তাঁর সঙ্গে গত শুক্রবার সকালে কথা হয় ইউনিয়নের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তিনি সেখানে এসেছিলেন মুক্তির বন্ধন ফাউন্ডেশন আয়োজিত হাট থেকে বিনা মূল্যের ভোগ্যপণ্য নিতে।
হাটের এক কোণে বসে কথা হয় কুদ্দুছের সঙ্গে। সংসারের খবর জানতে চাইলে প্রথমে কাঁধের গামছা দিয়ে চোখমুখ মোছেন। পরে বলেন, ‘বাবারে কী কইতাম, বুইড়া বয়সে পুতের কামাই খাইয়া আরামে দিন কাডানির কথা আছিন। এই বয়সে অহন পুতের পোজা (বোঝা) টানতাছি।’
আবদুল কুদ্দুছ বলেন, তাঁর ছেলের নাম ছিল মানিক মিয়া। তাঁর ঘরে চার কন্যাসন্তান। তাদের মধ্যে দুজন বিশেষ চাহিদাসম্পন্ন। তিন বছর আগে ছেলে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান। এখন নিজের স্ত্রী, ছেলের বউ আর নাতনিদের দেখভাল করতে হয় তাঁকে।
কীভাবে সংসারের খরচ চালান জানতে চাইলে কুদ্দুছ বলেন, তাঁর ৩০ শতক দুই ফসলি জমি আছে। চাষাবাদ করার পর ফলন যদি ভালো হয়, তাহলে চার-পাঁচ মাস ঘরের ভাত খেতে পারেন। বাজার থেকে তরিতরকারি যা কেনেন, তা দিয়ে তিন বেলা খাবার খান। না পারলে পাটশাক দিয়ে খেতে হয়।
সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল ক্রয়ের কার্ড আছে কুদ্দুছের। ৩০০ টাকা জোগাতে পারলে ৩০ কেজি চাল কিনতে পারেন। টিসিবির পণ্য ক্রয়ের কার্ড সম্পর্কে কোনো ধারণাই নেই তাঁর। বিশেষ চাহিদাসম্পন্ন দুই নাতনির মধ্যে একজন ভাতা পায়।
কুদ্দুছ বলেন, রমজানের পর ঈদ আসবে। নাতনি ও পুত্রবধূকে নতুন কাপড়চোপড় দিতে হবে। কিন্তু কীভাবে দেবেন, সে চিন্তায় তাঁর দিন কাটছিল। কিন্তু প্রতিবেশী এক প্রবাসীর সৌজন্যে সে চিন্তা দূর হয়েছে। ওই প্রবাসী ব্যক্তি চার নাতনিকে জামা বানানোর নতুন কাপড় দিয়েছেন।
ঈদে নাতনিরা নতুন কাপড় পরবে, তা ভেবেই যেন চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে কুদ্দুছের। তবে নিজের সম্পর্কে বলেন, ‘বাবারে আমরার কী আর নতুন কাপড় পিন্দনের বয়স আছে। সাতজনের সংসার টাইন্যাই আমার কূল থাহে না।’