
বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া বৃদ্ধ আয়েশা বেওয়া (৭৫) সকাল থেকেই ত্রাণের আশায় দাঁড়িয়ে নদীর তীরে। কাছেই ত্রাণবাহী দুটি নৌকা দেখে আনন্দে ছলছল চোখে তাকালেন সেদিকে। কিন্তু কই, নৌকা যে তীরে ভিড়ল না। চলে গেল দূরে রোহদহ বাজারের দিকে।
সময়টা গতকাল রোববার বেলা ১১টা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় যমুনার তীর ধরে এগোচ্ছিল ওই দুই নৌকা। ত্রাণবাহী কোনো নৌকা কূলে ভিড়তে পারে, এমন আশায় ঘুঘুমারি বন্যানিয়ন্ত্রণ বাঁধের শেখপাড়ায় আয়েশার মতোই তীর্থের কাক হয়ে সকাল থেকে অপেক্ষায় ছিলেন শ খানেক বানভাসি মানুষ। তাঁদের অধিকাংশই নারী, অনেকে বয়সের ভারে ভারাক্রান্ত। কেউবা বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, কেউ ভিক্ষুক। কদিন আগেও মাথা গোঁজার ঠাঁই ছিল তাঁদের। বন্যায় বাঁধ ভেঙে যমুনার পানিতে বাড়িঘর তলিয়ে এখন ঠিকানাহীন সবাই। এ বন্যানিয়ন্ত্রণ বাঁধই এখন শেষ ঠিকানা।
বাঁধে আশ্রয় নিয়ে থাকা এসব মানুষের দুর্ভোগ খোলা আকাশের নিচে কাটানোতেই আটকে নেই। সঙ্গে যোগ হয়েছে ক্ষুধার জ্বালা। অনাহার-অর্ধাহার, খাওয়ার পানির সংকট তাঁদের ছাড়ছেই না। এভাবে চলছে গত ১০-১২ দিন।
দিনভর অপেক্ষায় থাকা এসব দুর্গত মানুষের জন্য কালেভদ্রে সামান্য ত্রাণ যে আসছে না, তা নয়। ত্রাণের নৌকা এলেই পড়ে যাচ্ছে হুড়োহুড়ি। নৌকা থেকে ছুড়ে ফেলা হচ্ছে ত্রাণ। সৌভাগ্যবানেরা পাচ্ছেন, বাকিরা থাকছেন শূন্য হাতে। সংখ্যায় তাঁরা ত্রাণ পাওয়া লোকজনের চেয়ে দুই-তিন গুণ।
গতকাল বন্যানিয়ন্ত্রণ বাঁধটিতে গিয়ে নাঙ্গা-ভুখা মানুষের করুণ মুখ আর দুর্দশার চিত্রই শুধু চোখে পড়ে। হাতে কাগজ-কলম দেখে এ প্রতিবেদকের কাছে ছুটে আসেন আলোচিত বৃদ্ধ আয়েশা বেওয়া। বললেন, ‘হামার অ্যাকনা নাম লিকে লেন বাপ। চার দিন প্যাটত অ্যানা দানা-পানি পড়ে না। ছলপল কেউ নাই। হামাক দেকপার কোনো লোক নাই। অ্যানা চিড়া-গুড়ের সিলিপ দ্যান। কিছু অ্যানা খ্যায়া জীবন বাঁচাই।’
ত্রাণের ‘স্লিপ’ দেওয়া হচ্ছে ভেবে আয়েশার মতোই এ প্রতিবেদককে ঘিরে ধরেন আরও বহু নারী-পুরুষ। সবার একই কথা, ‘হামাক অ্যাকনা সিলিপ দেন। হামার অ্যাকনা নাম লিকে লেন।’
ঘুঘুমারির জহিরউদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) বলেন, ‘সারা রাত না খ্যায়া থাকি। ক্ষিদার জ্বালায় ঘুম ধরে না। বিয়ান বেলা ত্রাণের আশায় নদীর ধারে আসি। সন্ধ্যা হলে খালি হাতে বাঁধত ফিরে যাই। এভাবেই জীবন কাটাচ্চি।’
দিনমজুর মজিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগমেরও (৪০) আক্ষেপ ত্রাণের জন্য, ‘১০ দিন ধরে পানিবন্দী। ঘরত খাবার নাই। মায়ের বাড়ি থ্যাকে ১০ কেজি চাল পাঠাই চিল, তা-ও আজ থ্যাকে শ্যাষ। ত্রাণ না পালে তিনডা ছল লিয়ে আজ থ্যাকে অনাহারে থাকা লাকপি।’
বছরের অন্য সময় ভিক্ষা করে আহার জোগান মরিমা বেওয়া। থাকেন ঘুঘুমারি গ্রামে। বন্যার পানির তোড়ে বসতবাড়ি ভেসে গেছে তাঁর। বলেন, ‘মানুষের ঘরত ভাত নাই। কেউ সাহায্য দিবার পারিচ্চে না। ১০ দিন ধরে না খ্যায়া কোনো রকমে বাঁচে আচি। ত্রাণের নৌকা আসিচ্চে। হুড়োহুড়ি পরিচ্চে। নদী থ্যাকেই ত্রাণ ফেলে দেওয়া হচ্চে। বুড়া মানুষ। হামি ভিড়ের মধ্যে যাতে পারিচ্চি না।’
আরেক বানভাসি অশীতিপর আমেনা বেওয়ার সাতকুলে কেউ নেই। বসতবাড়ি যমুনা কেড়ে নেওয়ার পর উঠেছেন ঘুঘুমারি বাঁধে। ত্রাণের নৌকা কূলে ভিড়ছে শুনে বাঁধের ও প্রান্ত থেকে দৌঁড়ে আসছেন ত্রাণ নিতে। কিন্তু ভাগ্যে জুটছে না। সেই ক্ষোভেই বলছিলেন তিনি, ‘এক পাও কবরত, এক পাও দুনিয়াত। না খ্যায়া থ্যাকে প্যাটের জ্বালা সহ্য হচ্চে না। এর চেয়ে মরণই ভালো।’
আমেনার মতোই কথা বৃদ্ধ ঝলমলি বেওয়ার (৭৫), ‘বাপ, হামার অ্যানা নাম লিকেন। হামাক অ্যানা খাবার দ্যান। না খ্যায়া হামি মরে যাচ্চি।’ নুরজাহান বেওয়া (৭২) নামের আরেকজন বলেন, ‘যমুনা হামাক পথত বসাচে। মাথা গোঁজার ঠিকানা হারাচি। হামাক বাঁচান। অ্যানা খাবার দ্যান।’
ত্রাণের নৌকা দুটি যখন যমুনার তীর ধরে এগোচ্ছিল তখন বন্যানিয়ন্ত্রণ বাঁধের বয়রাকান্দিতে দাঁড়িয়ে থাকা তাপসী বেগম (৩৮) নৌকা কূলে ভেড়ানোর জন্য ইশারা করছিলেন। কিন্তু নৌকা এগিয়ে যায় সামনের দিকে। হতাশ দৃষ্টিতে চেয়ে থেকে থেকে একসময় চলে যায় দৃষ্টি সীমানার বাইরে।
ঘটনাস্থল-২: বাঁধ থেকে ফেরার পথে পড়ে কুতুবপুর উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে শত শত বানভাসি মানুষের ভিড়। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ বিতরণের খবর পেয়ে এসব মানুষ এসেছেন বিভিন্ন দুর্গত এলাকা থেকে। অথচ ত্রাণের স্লিপ বিতরণ করা হয়েছে মাত্র সাড়ে তিন শ মানুষের মধ্যে।
স্লিপ দিয়ে যাঁরা ত্রাণ পাচ্ছেন, তাঁদের চোখে রাজ্যজয়ের মতোই উল্লাস। আর স্লিপ না পেয়ে ত্রাণের আশায় ভিড় করে থাকা কয়েক শ মানুষের অনেকেই ছিলেন ছলছল চোখে তাকিয়ে ত্রাণের গাড়ির দিকে। কেউ কেউ ত্রাণ পেতে আকুতি-মিনতি জানাচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের কাছে, ভিড় করছেন বিতরণস্থলে। পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তাঁদের।
ত্রাণ বিতরণের খবর পেয়ে ঘুঘুমারি আশ্রয়কেন্দ্র থেকে বিদ্যালয় মাঠটিতে ছুটে এসেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক জহুরুল ইসলাম। রেড ক্রিসেন্টের এক কর্মকর্তাকে জহুরুল বলছিলেন, ‘১০ দিন ধরে বাঁধত, গোটা পরিবার অনাহারে। হামাক অ্যাকনা সিলিপ দ্যান স্যার।’
রেড ক্রিসেন্টের কর্মকর্তা সামির হোসেন প্রথম আলোকে বলেন, এক দিন আগে এলাকা ঘুরে অতিকষ্টে আছেন, এমন সাড়ে তিন শ পরিবারের মধ্যে স্লিপ বিতরণ করা হয়েছে। এর বাইরে কাউকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে বানভাসি মানুষের যখন এ রকমই দুরবস্থা তখন কেউ না খেয়ে আছেন তা মানতে নারাজ সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রত্যয় হাসান। তাঁর দাবি, উপজেলার ১২টি ইউনিয়নে এ পর্যন্ত ২৪০ মেট্রিক টন চাল, ১০ হাজার কেজি চিড়া, পাঁচ হাজার কেজি গুড় ও ১৫ মেট্রিক টন বিস্কুট বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ২৫ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়েও ত্রাণ বিতরণ চলছে। কাজেই কেউ অনাহারে রয়েছেন, এমন অভিযোগ ভিত্তিহীন।