বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের গলাকাটা লাশ উদ্ধার, বাবা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় আজ রোববার নিজের ঘর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর বাবা পলাতক। পুলিশের ধারণা, ওই তরুণকে হত্যা করা হয়েছে।

ওই তরুণের নাম সাইফুল ইসলাম (২২)। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের কামার আলগী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্বজনেরা জানান, আজ সকালে নিজের ঘরে গলাকাটা অবস্থায় সাইফুলের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মজিবুর রহমানকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজিবুর রহমানই সাইফুলকে হত্যা করে পালিয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।স্থানীয় ব্যক্তিরা বলছেন, মজিবুর রহমানের চার সন্তান। এর মধ্যে তিনজনই বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করায় সাইফুলকে প্রায়ই ঘরে বেঁধে রাখতেন পরিবারের সদস্যরা। অন্য দুজন বুদ্ধিপ্রতিবন্ধী হলেও তাদের বেঁধে রাখার প্রয়োজন হতো না।

একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খোকা মিয়া বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানদের অস্বাভাবিক কর্মকাণ্ডে মজিবুরসহ পরিবারের সদস্যরা বিপর্যস্ত অবস্থায় ছিলেন। এসব নিয়ে প্রায়ই পরিবারটিতে অশান্তি বিরাজ করত।