‘বুধবারের ঘটনা রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক’
বরিশালে উদ্ভূত পরিস্থিতিকে রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে দেখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাঁদের মতে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতিকে যেভাবে রূপ দেওয়া হয়েছে, তাতে বরিশাল সম্পর্কে দেশ-বিদেশে একটি নেতিবাচক বা ভুল বার্তা দেওয়া হয়েছে। এটা দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়।
তবে ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ এখনো কোনো রাজনৈতিক কর্মসূচি নেয়নি। একই সঙ্গে ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে প্রশাসনের করা আবেদনকে বাস্তবতাবিবর্জিত দাবি বলে মন্তব্য করেছেন তাঁরা।
দলের একাধিক নেতা আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, বরিশালে এমন কোনো ঘটনা ঘটেনি যে সেখানে গুলি করতে হবে, মামলা দিতে হবে।
দলটির নগরের নেতারা বলছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর ভগ্নিপতি কৃষকনেতা আবদুর রব সেরনিয়াবাত, আবদুর রবের ছেলে আবুল হাসানাত আবদুল্লাহর শিশুপুত্র সুকান্ত বাবু সেরনিয়াবাতসহ পরিবারের অনেককে। সেই পরিবারের সন্তান সাদিক আবদুল্লাহ। আওয়ামী লীগের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। শোকের মাসে এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দুরভিসন্ধি বলেই মনে করছেন তাঁরা।
গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদের কম্পাউন্ডের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। দুটি মামলাই বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এসব মামলায় আজ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য নগরের কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাসভবন ঘিরে থাকেন। এসব ঘটনার পরও আজ দুপুর পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো কর্মসূচি নেয়নি। কেবল গতকাল বিকেলে একটি সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা ও বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন দলীয় নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এ জন্য আমরা শোকের মাসের কর্মসূচি চালাচ্ছি। তবে পুরো ঘটনা আমরা গণমাধ্যমের মারফত মানুষকে জানিয়েছি। এ ছাড়া আমরা পুরো বিষয় পর্যবেক্ষণ করছি এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
বুধবারের ঘটনাটিকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে এই নেতা বলেন, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি হয়নি যে ১০ প্লাটুন বিজিবি, ১০ জন ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করতে হবে। এটা বাস্তবতাবিবর্জিত। এতে বরিশাল সম্পর্কে একটি ভুল বার্তা দেওয়া হয়েছে। শোকের মাসে পরিকল্পিতভাবে একটি শহরকে অশান্ত করতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। ইউএনওর বাসায় কেউ হামলা করেনি। এটি পরিকল্পিত ঘটনা। এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।
জেলা প্রশাসন সূত্র বলছে, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি সদস্য ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়েছে। এ জন্য বরিশালের বাইরের জেলা থেকে ১০ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। গতকাল বিকেলে ম্যাজিস্ট্রেটরা বরিশালে পৌঁছালেও বিজিবি সদস্যরা আজ বেলা দুইটা পর্যন্ত পৌঁছাননি।
দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী ইউএনওর বাসভবনে হামলা চালান বলে অভিযোগ ইউএনওর। হামলায় ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন।
তবে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেন, তাঁদের অন্তত ৫০ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং ৬০ জন পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন।
ইউএনও মুনিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ব্যানার ও পোস্টার লাগানো ছিল। রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ছিঁড়তে আসেন। রাতে লোকজন ঘুমাচ্ছে জানিয়ে তাঁদের সকালে আসতে বলা হয়। এ কারণে তাঁরা আমাকে গালিগালাজ করে। আমার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালান।’ এমন অভিযোগে গতকাল ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালাল মল্লিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল নগরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে র্যাব-পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ির আশপাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, মেয়র সাদিক আবদুল্লাহ বাড়িতেই অবস্থান করছেন।