বুড়িগঙ্গা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা তালতলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নুসরাত আক্তার (১৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকালে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করেন। গত বৃহস্পতিবার রাত থেকে নুসরাত নিখোঁজ ছিল।

নুসরাতের বাল্যবিবাহ হয়েছিল। বাবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। পরিবারের অভিযোগ, ওই কিশোরীর স্বামী মারধরের পর হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেন।

পরিবারের সঙ্গে ঢাকার ডেমরা মীর হাজীরবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকত নুসরাত। দেড় বছর আগে একই এলাকার একটি ওয়ার্কশপের শ্রমিক মজিবুর রহমানকে (২৫) ভালোবেসে বিয়ে করে সে। মজিবুরের গ্রামের বাড়িও বরিশালে। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নুসরাতের চাচা নুর হোসেন দেওয়ান জানান, করোনায় কাজ হারানোর পর ব্যবসা শুরুর জন্য মজিবুর নুসরাতের পরিবারের কাছে ২ লাখ টাকা চেয়েছিলেন। নুসরাতের সিএনজিচালিত অটোরিকশাচালক বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে মজিবুর ও তাঁর পরিবারের লোকজন নুসরাতকে মারধর করতেন। নির্যাতনের শিকার নুসরাত প্রায় দেড় মাস ধরে বাবার বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার রাতে মজিবুর নুসরাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে নুসরাত নিখোঁজ ছিল।

নুসরাতের মা রুমা বেগম জানান, টাকা না দেওয়ায় বেশ কয়েকবার তাঁর মেয়েকে মারধর করা হয়েছে। গত জুন মাসে বিষয়টির মীমাংসার জন্য তাঁরা কয়েকজন মিলে নুসরাতের শ্বশুর বাড়ি গিয়েছিলেন। সেখানে তাঁদেরও মারধর করা হয়। এরপরই নুসরাতকে শ্বশুর বাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

রুমা বেগম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল করে মজিবুর নুসরাতের খবর জানতে চান। তখন মজিবুরের কাছে উল্টো নুসরাতের খবর জানতে চাইলে ফোন কেটে দেন। এ সময় নুসরাতের এক বন্ধু রুমা বেগমকে মুঠোফোনে জানান, নুসরাত পোস্তগোলা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছে।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম জানান, শনিবার সকালে পাগলা তালতলা এলাকায় একটি লাশ ভেসে উঠলে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। লাশটি নুসরাতের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। নুসরাতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

নুসরাতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে লাশ উদ্ধারের সময় থাকা কোস্টগার্ডের এক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন। নুসরাতের স্বামী মজিবুরের দাবি, তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে নুসরাত সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।