বুড়িচংয়ে করোনায় মৃত নারীর পরিবারের তিনজন আক্রান্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার ৬৫ বছর বয়সী এক নারী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তাঁর পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে কুমিল্লার দেবীদ্বারের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন। আর তিতাস উপজেলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস বিষয়ক কমিটির ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার রাতে বুড়িচং উপজেলার এক ব্যবসায়ীর মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যান। খবর পেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান ওই ব্যবসায়ীর গ্রামের বাড়ি লকডাউন করেন। ওই পরিবারের সাতজনের মধ্যে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার সাত ও পাঁচ বছরের দুই শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বাকি দুই সদস্যদের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে ৪৮ বছর বয়সী এক নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
করোনায় দেবীদ্বারের একজনের মৃত্যুর বিষয়ে সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, 'দেবীদ্বারের ওই ব্যক্তি আগেই আক্রান্ত ছিলেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গতকাল শুক্রবার তিনি নারায়ণগঞ্জে মারা যান। তাঁর নমুনার ফল আসে আজ শনিবার।'
এ ছাড়া তিতাস উপজেলায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।