বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটায় উপজেলার খাড়াতাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৮) ও নগরপাড় গ্রামের মো. শাহীনের ছেলে মো. নয়ন মিয়া (২০)। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক মোশারফ হোসেন (৩৯) ও তাঁর সহকারী রাজন সরকারকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে আরিফুল ও নয়ন কুমিল্লা থেকে একটি মোটরসাইকেলযোগে ব্রাহ্মণপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় খাড়াতাইয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফুল ও নয়নের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। পরে নিহত আরিফুলের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করলে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।