বুড়িচংয়ে সড়কে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, ছিল না লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ট্রাকচালক রাকিবুল হাসান। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরের শাকতলা র‍্যাব কার্যালয়ে
ছবি: প্রথম আলো

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় অটোরিকশার পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালক রাকিবুল হাসান ওরফে রবিনকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার রাত ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের মুড়াপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বেলা ১১টায় কুমিল্লা শহরের শাকতলা এলাকায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য দেন। রাকিবুলের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে।

র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, চালক রাকিবুল হাসানের কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি যে মাটিবাহী ড্রামট্রাক চালাচ্ছিলেন, সেটিরও কোনো ধরনের লাইসেন্স নেই। ড্রামট্রাকের মালিক বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের মো. আলেক ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সিন্দুরিয়াপাড়া এলাকায় পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে প্রথমে ধাক্কা ও পরে চাপা দেয় মাটিবাহী ড্রামট্রাকটি। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। আহত হয়েছেন দুজন।

এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেন।

সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক রাকিবুল পেছনে থাকা আরেকটি ড্রামট্রাকে করে পালিয়ে মামার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামে যান। সেখানে র‌্যাবের তত্পরতা আঁচ করতে পেরে সিএনজিচালিত অটোরিকশা করে পালানোর সময় মুড়াপাড়া এলাকায় র‌্যারের হাতে ধরা পড়েন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বলা হয়, রাকিবুল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর বাবা সিএনজি অটোরিকশাচালক, এক চাচা ড্রামট্রাকচালক। আগে চাচার সঙ্গে হেলপারি (চালকের সহকারী) করতেন। কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে চালাতে চালাতে তিনিও চালক বনে যান। ঘটনার দিন সামনে থাকা অটোরিকশাকে রাকিবুল দেখতে পাননি ঘন কুয়াশার কারণে। এ কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়।