বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপিটুনি
প্রতীকী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আবু ইউনুছ মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে (৬০) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে ইসলামপুর গ্রামের বাড়ি থেকে মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় করা পৃথক তিন মামলায় এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২০ জনকে।

মুয়াজ্জিনের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গত ২৯ অক্টোবর বুড়িমারীতে পবিত্র কোরআন অবমাননার মিথ্যা অভিযোগে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এ ঘটনায় নিহত শহীদুন্নবী জুয়েলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩০ অক্টোবর হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত ১১ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ৯ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক নম্বর আসামি হোসেন আলী ওরফে আবুল হোসেন ও বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জুবেদ আলীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারী মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রংপুর নগরের শালবন এলাকার বাসিন্দা আবু ইউনুছ মোহাম্মদ শহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা ঘটনা ঘটে।

আরও পড়ুন
আরও পড়ুন