‘বুড়োদের’ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্ট

অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের নিয়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উপজেলা পর্যায়ের দলের বেশির ভাগ খেলোয়াড়েরা এই বয়সের ঊর্ধ্বে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপের পাবনা জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে মাঠে নামেন বিভিন্ন বয়সী খেলোয়াড়েরা। গতকাল বিকেলে জেলার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে।
ছবি: প্রথম আলো

অনূর্ধ্ব-১৭ অর্থাৎ যাদের বয়স ১৭ বছরের বেশি নয়, তাদের খেলায় অংশগ্রহণের কথা। তবে সে নিয়ম না মেনেই গতকাল পাবনায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনাল। অভিযোগ উঠেছে প্রাথমিক পর্বেও বয়সের নিয়ম না মেনে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্ট আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরদের মধ্যে থেকে ভালো খেলোয়াড় বের করে আনাই এই টুর্নামেন্টের লক্ষ্য। পাবনার প্রবীণ ফুটবল প্রশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বলছেন, বড়দের নিয়ে ম্যাচ খেলালে সে লক্ষ্য কখনোই পূরণ হবে না। স্থানীয় পর্যায়েই এমন অনিয়মের কারণেই দেশের ফুটবলের ভবিষ্যৎ সম্ভাবনাটুকুও নষ্ট হচ্ছে।

জেলার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে গতকালের ফাইনালে মুখোমুখি হয় সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা দল। এতে ২-১ গোলে জয় পায় সাঁথিয়া। চ্যাম্পিয়ন দল অংশ নেবে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে। অভিযোগ উঠেছে গতকালের ম্যাচে মুখোমুখি হওয়া দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ের বয়সই ১৭ বছরের ঊর্ধ্বে। মাঠে গিয়েও সে চিত্র দেখা গেছে।

গতকাল বিকেল ম্যাচ চলাকালীন দেখা যায়, দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া। ম্যাচ খেলতে নামানো হয়নি কোনো কিশোর ফুটবলারকে। যাঁরা খেলছিলেন, তাঁদের সবার বয়সই ২০ থেকে ২৫ বছরের ঊর্ধ্বে। মাঠে উপস্থিত থাকা ফরিদপুর উপজেলা দলের কোচ রুবেল হোসেনও স্বীকার করলেন বয়সের বিষয়টি। তিনি বলেন, তাঁর দলে বেশি বয়সী খেলোয়াড় আছেন, এটা সত্য। তবে সাঁথিয়া দলে এ সংখ্যাটা বেশি। এই দলের অনেক খেলোয়াড়ের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে।

প্রতিটি উপজেলা দল গঠন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। সাঁথিয়া উপজেলা দলের বিষয়ে ইউএনও এস এম জামাল আহমেদ বলেন, ‘শুরুতে সদর উপজেলা দল বেশি বয়সী খেলোয়াড় দিয়ে দল গঠন করে। পরবর্তী সময়ে আমরাও করেছি। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি উপজেলা দলেই বেশি বয়সী খেলোয়াড় ছিল। এটি প্রথা হিসাবে ধরে আমরাও করেছি।’

জেলা পর্যায়ে টুর্নামেন্টটি আয়োজনের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশব্যাপী ইউনিয়ন পর্যায় থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। পাবনা জেলায় ১১ জুন থেকে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়। এসব খেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা দল গঠন করেছে। একজন কোচের তত্ত্বাবধানে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ খেলাতেই অনূর্ধ্ব-১৭ বয়সী খেলোয়াড়দের পরিবর্তে এর বেশি বয়সী খেলোয়াড়েরা অংশ নিয়েছেন।

পাবনা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল হক প্রথম আলোকে বলেন, তিনি নিজে মাঠে দাঁড়িয়ে খেলা দেখেছেন। খেলোয়াড়দের দেখে তাঁর মনে হয়েছে, ‘ছেলে অসুস্থ তাই বাবা প্রক্সি দিতে এসেছেন।’ অনূর্ধ্ব-১৭–এর খেলায় এমনটা মোটেও কাম্য নয়। এতে খেলার মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।