বুয়েটে আবরার হত্যা: চবি শিক্ষার্থীদের মানববন্ধনে পাঁচ দফা দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার প্রায় ৪৭–৪৮ মিনিটের একটি কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল চারটায় চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন কর্মসূচি থেকে প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবি দেওয়া হয়। দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হোসেন মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইমতিয়াজ ইমতু, হাসান জাহিদ প্রমুখ।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে আবরার ফাহাদের প্রত্যেক হত্যাকারীকে দ্রুত সময়ে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ভিডিও ফুটেজে আবরারকে ১১ জন পিটিয়ে খুন করতে দেখা গেছে। কিন্তু হত্যাকাণ্ডে জড়িত সবাই গ্রেপ্তার হয়নি। খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না বলে মানববন্ধন কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।
মঙ্গলবারের কর্মসূচিতে প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন। প্রায় সবার হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে। বক্তব্যের ফাঁকে ফাঁকে খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেওয়া হয়। স্লোগানের ভাষা ছিল এমন, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; উনসত্তরের হাতিয়ার, গর্জে উঠিক আরেকবার’ ইত্যাদি।
কর্মসূচিতে অংশ নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ছাত্র কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড সাধারণ শিক্ষার্থীরা মানতে পারছেন না। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচি পালন শুরু করেছেন। সুষ্ঠু তদন্ত এবং প্রত্যেক আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ আন্দোলন চালিয়ে যাবে।