বৃদ্ধাকে ঘর উপহার দিলেন পুলিশ সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বুসনিয়াপাড়ার বাসিন্দা ১০০ বছরের বৃদ্ধা সালমা বেগম অনেক কষ্ট করে একটি ঝুপড়ি ঘরে থাকতেন। তাঁর অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অবশেষে ‘উই আর বাংলাদেশ’–এর আর্থিক সহযোগিতায় ও জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধায়নে একটি ঘর করে দেওয়া হলো তাঁকে।


সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বৃদ্ধা স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। তিনি আট সন্তানের জননী হলেও সন্তানরা দেখভাল না করায় করুণ পরিস্থিতিতে পড়েন তিনি। ‘উই আর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃদ্ধার করুণ অবস্থা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। আর এই পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। বুধবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বৃদ্ধা সালমাকে বসবাসের জন্য একটি ঘর উপহার দেওয়া হয়।


কয়েকজন বাসিন্দা জানান, বৃদ্ধার স্বামী মারা গেছেন অনেক বছর আগে। আট সন্তানের মধ্যে সাতজনই খোঁজখবর নেন না। তবে তাঁদের মধ্যে ৭০ বছর বয়সী বৃদ্ধ ছেলে ও তাঁর স্ত্রী একটু দেখাশোনা করেন। বেশির ভাগ সময়ই খেয়ে না–খেয়ে কাটে তাঁর দিন। এরপরও পেতেন না বয়স্ক বা বিধবা ভাতা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘এখন থেকে নিয়মিত তাঁর খোঁজখবর রাখব। সাহায্য–সহযোগিতা করব।’


পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। আমি মানুষ এবং পুলিশ হিসেবে সব সময় মানবিক কাজগুলো করতে চাই। এমন অসহায়দের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম প্রমুখ।