বৃদ্ধের নাক-চোখে ক্ষত, জানাজার আগে পাঠানো হলো মর্গে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শোবার ঘর থেকে নাক ও চোখে ক্ষত অবস্থায় নছিরউদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। স্বজনেরা জানাজার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ রোববার উপজেলার আওয়ালগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নছিরউদ্দিন আওয়ালগাড়ী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। নছিরউদ্দিন পাঁচ সন্তানের জনক। তিনি ছোট ছেলে হোসাইনের সঙ্গে একই বাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, গতকাল শনিবার রাতে খাওয়াদাওয়া করে বৃদ্ধ নছিরউদ্দিন ও তাঁর স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়েন। আজ ভোরে স্ত্রী ফজরের নামাজ পড়ার জন্য নছিরউদ্দিনকে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। এরপর তিনি ছোট ছেলে হোসাইনকে তাঁদের ঘরে ডেকে আনেন। হোসাইন গিয়ে ডাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর নছিরের শরীরের চাদর তুলে হোসাইন মৃত অবস্থায় নাক ও চোখে ক্ষত দেখতে পান। তিনি প্রতিবেশী শহিদুল ও জাবেদকে তাঁদের বাড়িতে ডেকে আনেন। তাঁরা দুজন বৃদ্ধ নছিরের লাশ ঘর থেকে বের করে আনেন। সকালে জানাজার প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে নিহতের স্বজন ও গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
বৃদ্ধের ছেলে হোসাইন বলেন, ‘মা-বাবা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ফজরের নামাজ পড়তে বাবা ঘুম থেকে উঠছিলেন না দেখে মা আমাকে ডাকেন। বাবাকে চাদর মুড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখে ডাকাডাকি করি। বাবা ঘুম থেকে না ওঠায় চাদর সরিয়ে বাবার নাকে ও চোখে ক্ষত দেখতে পেয়ে প্রতিবেশী শহিদুল ও জাবেদকে বাড়িতে ডেকে আনি। এরপর তাঁরা বাবার লাশ ঘর থেকে বের করে আনেন। রাতে মা–বাবার ঘরের দরজা বন্ধ থাকে। কীভাবে নাক ও চোখে ক্ষত হলো, বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, বাবা আগেই মারা গেছেন। পোকামাকড়ের কারণে বাবার নাক ও চোখে ক্ষত তৈরি হয়েছে।’
প্রতিবেশী শহিদুল ইসলাম ও জাবেদ হোসেন বলেন, বৃদ্ধ নছিরের সঙ্গে পরিবারের সবার সম্পর্ক ভালো ছিল। তাঁকে কখনো উচ্চস্বরে কথা বলতে শোনেননি তাঁরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বজনেরা শোবার ঘরে নাক ও চোখে ক্ষত অবস্থায় বৃদ্ধ নছিরউদ্দিনের লাশ পেয়েছিলেন। তাঁরা লাশটির জানাজার প্রস্তুতি নিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের শরীরে ক্ষত দেখতে পান। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনদের জিজ্ঞাসাবাদের পর বৃদ্ধের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।