বৃষ্টি উপেক্ষা করে করমা উৎসবে মাতোয়ারা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করমা উৎসবে নাচ-গানে মাতোয়ারা রাই জনগোষ্ঠীর মানুষ। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দেওপুরা গ্রামে
ছবি: প্রথম আলো

উৎসবের শুরু বিকেল চারটায়, বৃষ্টি তেমন ছিল না। পরে ক্রমে বৃষ্টি বাড়লেও কমেনি নাচ-গানের গতি। নাচ-গানে ঘেমে ওঠা শরীরে বৃষ্টির ফোঁটা যেন পরম মমতা হয়ে ঝরছিল। বৃষ্টি উপেক্ষা করে করমা উৎসবে এভাবেই নিজেদের ঐতিহ্যবাহী সম্মিলিত নাচ-গানে মাতোয়ারা হয়েছিল প্রকৃতিপ্রেমী ক্ষুদ্র জাতিসত্তার মানুষ।

আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা উচ্চবিদ্যালয় মাঠে ক্ষুদ্র জাতিসত্তার রাই গোষ্ঠীর এ করমা উৎসব আয়োজন করা হয়। এতে গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর ও সাপাহার উপজেলার আটটি সাংস্কৃতিক দল অংশ নেয়।

দূরের গ্রাম শেখপুরা থেকে আসা ওঁরাওদের সাংস্কৃতিক দলের প্রধান সাবেক ইউপি সদস্য খিরোতী বারো প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির করমা বা কারাম পরবের নাচের মজাই আলদা। বৃষ্টির জল গায়ে মেখে নাচতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না। বৃষ্টি ছাড়া কারাম জমে না।’

বৃষ্টি যেমন সাংস্কৃতিক দলগুলোকে মাঠ থেকে হটাতে পারেনি, তেমনি দর্শককেও। এক ছাতার নিচেই দেখা যায় একাধিক দর্শক। সিংহভাগই নারী। গোমস্তাপুরের দেওপুরার রাইপাড়া, ভাঙ্গাপাড়া, তেলিপুকুর সহিরা, কাইয়াপাড়া—এই চার গ্রামের রাই গোষ্ঠীর মানুষ সম্মিলিতভাবে সোমবার সন্ধ্যা থেকে দেওপুরা গ্রামে করমা উৎসবের আয়োজন করেন।

এই গ্রামের মানিক রাই বলেন, প্রকৃতিপ্রেমী কৃষিজীবী আদিবাসীদের সব উৎসবই প্রকৃতিকে ঘিরে। ওঁরাও জনগোষ্ঠী ভাদ্রের পূর্ণিমায় কারামগাছের ডাল পূজাকে কেন্দ্র করে যে কারাম উৎসব উদ্‌যাপন করে, রাইরা সেটা ভাদ্রের রাধা তিথিতে করে ‘করমা’ নামে। গ্রামের উপবাসী কুমারী কিশোরী-তরুণীরা করামা গাছের (খিল কদম) গাছের ডাল কেটে এনে গ্রামের আখড়ায় (ফাঁকা স্থানে) পুঁতে। পূজার আনুষ্ঠানিকতা শেষে ঠাকুরাইন (বয়স্ক নারী) করমা পালনে পটভূমি অর্থাৎ কাহিনি বলেন। এরপর পুঁতে রাখা ডালকে ঘিরে চাঁদের আলো গায়ে মেখে রাতভর মাদল-বাঁশির তালে তালে ঝুমুর নাচে মাতোয়ারা হন গ্রামের নারী–পুরুষেরা।

একসময় ওঁরাও, মুন্ডা, রাইসহ সাদরিভাষী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষের গ্রামে গ্রামে করমা বা কারাম উৎসব করা হতো। কিন্তু ক্রমেই এগুলো হারিয়ে গেছে। এখন অল্প কিছু গ্রামে এ উৎসব পালিত হয়। এ উৎসব ধরে রাখার জন্য আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা দেওপুরা উচ্চবিদ্যালয় মাঠে সম্মিলিতভাবে এ উৎসবের আয়োজন করে।

আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মানিক রায়ের সভাপতিত্বে করমা উৎসবের আলোচনায় বক্তব্য দেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইউপি সদস্য ফয়সাল কবির, শুকতারা বেগম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি তরুণ মুন্ডা, সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজল পারে, জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান প্রমুখ।