বৃষ্টি, গর্ত আর বিশৃঙ্খলায় দিনভর যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে যানজটে পড়ে যানবাহনগুলো আটকে থাকে দীর্ঘক্ষণ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায়
ছবি: আল-আমিন

টানা দুই দিনের বৃষ্টি, গর্ত আর বিশৃঙ্খল সড়কব্যবস্থার কারণে আজ মঙ্গলবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় ব্যাপক যানজট। সকাল ছয়টা থেকেই সড়কটিতে যানবাহন চলছিল থেমে থেমে। এতে গাজীপুরের বোর্ডবাজার থেকে রাজধানীর বনানী পর্যন্ত লেগে থাকে যানজট। নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

সড়কের ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্ত পর্যন্ত চলছে বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও ভেঙে গেছে। এর মধ্যে গত রবি ও গতকাল সোমবারের টানা বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। গর্তে পড়ে যাওয়ার ভয়ে অনেক গাড়িই ঠিকমতো চলতে পারছে না। এর বাইরে লেন সংকোচন, সড়ক বিভাজক না থাকা, উল্টোপথে গাড়ি চলাসহ বিভিন্ন কারণে যানবাহন চলছিল থেমে থেমে। এতে সকাল থেকেই বোর্ডবাজার থেকে রাজধানীর বনানী পর্যন্ত দেখা দেয় যানজট।

আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, সবচেয়ে খারাপ অবস্থা টঙ্গীর চেরাগ আলী এলাকায়। এখানে গর্তের কারণে কোনো গাড়িই সামনে এগোতে পারছে না। তাই যানবাহনের জট তৈরি হয়ে তা চলে যাচ্ছে বনানী পর্যন্ত। এ কারণে দিনভরই মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, বিআরটি প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে ইট, বালু, সিমেন্টসহ নানা নির্মাণসামগ্রী। এতে কোথাও কোথাও সড়ক সরু হয়ে পড়েছে। এর বাইরে টঙ্গীর সেনাকল্যাণ ভবন, স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলীসহ বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত। সেসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। এতে কোনো যানবাহনই চলাচল করতে পারছে না ঠিকমতো।

সরেজমিনে দেখা যায়, এসব কারণে সড়কের বিভিন্ন অংশে যানবাহনগুলো আটকে আছে। কোথাও কোথাও তা চলছে হেলেদুলে, খুব ধীরগতিতে। এর মধ্যে কোথাও কোথাও গাড়িগুলো দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকায় অনেকেই হেঁটে রওনা দিচ্ছে গন্তব্যে।

স্টেশন রোড এলাকায় কথা হয় রাজধানীর কাওলা এলাকার বাসিন্দা মো. হামিদ পারভেজের সঙ্গে। তিনি গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি ওয়াশিং কারখানায় চাকরি করেন। হামিদ বলেন, ‘বেলা আড়াইটায় কারখানায় একটা মিটিংয়ে যোগ দেওয়ার কথা। এখন সোয়া দুইটা বাজে, অথচ আমি এখনো টঙ্গীই অতিক্রম করতে পারলাম না।’ দুপুর ১২টায় বাসা থেকে বোর্ডবাজারের উদ্দেশে বের হন বলে জানান তিনি।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক, দক্ষিণ) মো. ফয়জুল ইসলাম জানান, উন্নয়নকাজ করতে গিয়ে সড়কে এমনিতেই গর্ত। গত দুই দিনের বৃষ্টিতে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। বিভিন্ন গর্তে বৃষ্টির পানি জমে থাকায় গাড়িই চলতে পারছে না। তাঁরা সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।