
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি সড়ক দীর্ঘদিন ধরে পাকা হয়নি। সামান্য বৃষ্টিতে সড়কটিতে কাদা জমে যায়। আরেকটি সড়ক দীর্ঘদিন ধরে মেরামত না করায় বেহাল হয়ে আছে। বৃষ্টিতে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকি পাকা সড়ক থেকে বাইশটেকি গ্রাম হয়ে বড়ভিটা পর্যন্ত সড়কটি দীর্ঘ ৪০ বছরেও পাকা হয়নি। কাঁচা এ সড়কে বাইশটেকি, ফকিরবাড়ি ও বড়ভিটা গ্রামের মানুষ চলাচল করে। প্রতিবছর বর্ষা শুরুর আগে থেকেই বৃষ্টিতে এ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলে সড়কে ব্যাপক কাদা হয়। ফলে শিশু, বৃদ্ধ ও নারীরা সড়কে চলাচল করতে পারেন না। তা ছাড়া তিন গ্রামের মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এ সড়কটি বৃষ্টিতে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
বাইশটেকি গ্রামের বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘প্রতিটি স্থানীয় সরকার ও সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের গ্রামের এ সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। ভোটের পর সবাই ভুলে যান। এ সড়কটি পাকা না হওয়ায় তিন গ্রামের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি আমি নিজেও নির্বাচনের আগে দিয়েছিলাম। কিন্তু সরকারের অর্থ বরাদ্দ না থাকায় সড়কটি পাকা করতে পারছি না।’

এদিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রাম থেকে পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রাম পর্যন্ত সড়কটি ১৫ বছর আগে পাকা করা হয়। এরপর আর মেরামত করা হয়নি। এ সড়কে নালা নেই। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। গতকাল শনিবার দুপুরে চৌধুরীগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে সড়কে পানি জমে আছে।
তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি মেরামত ও নালা নির্মাণ করার জন্য আমরা এলজিইডির কার্যালয় ও ইউপি চেয়ারম্যান বরাবর একাধিকবার লিখিত আবেদন করেও ফল পাইনি।’
শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘সড়কটি এলজিইডির অধীনে হওয়ায় আমরা ইউনিয়ন পরিষদের অর্থে কোনো কাজ করতে পারছি না।’
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান বলেন, এলজিইডির সদর দপ্তর থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে এ সড়কের মেরামত ও নালা নির্মাণকাজ শুরু করা হবে।