বৃষ্টি হলেই দুর্ভোগ
একটু বৃষ্টি হলেই সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়। পৌরসভার প্রধান সড়কের ধানগড়া বাসস্ট্যান্ড এলাকাসহ বাজারের চারটি স্থানে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী।
গতকাল বুধবার বিকেলের দিকে উপজেলায় ঘণ্টা খানেক সময় বৃষ্টিপাত হয়। বৃষ্টি থামার পরে ধানগড়া পুরোনো চৌমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঘুরে দেখা যায়, সড়কের বায়তুল আতিক জামে মসজিদ এলাকা, মুরগিহাটা, বিকেল বাজারের ইকবাল হোসেনের দোকানের সামনে এবং শাকিল স্টোরের সামনে পানি জমে আছে। মসজিদের সামনের সড়কে প্রায় হাঁটু পরিমাণ পানি।
স্থানীয় পাঁচজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের দুই পাশের ব্যবসায়ীরা মাটি ভরাট করে যাঁর যাঁর দোকান উঁচু করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে অবস্থা চরমে পৌঁছায়।
এ সড়কে নিয়মিত চলাচলকারী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক আলহাজ আহমেদ বলেন, বৃষ্টির মৌসুমে দোকানের বারান্দা দিয়ে হেঁটেও অনেক সময় রক্ষা পাওয়া যায় না। কোনো যানবাহন গেলে সড়কে জমে থাকা পানি ছিটকে জামা-কাপড় নষ্ট হয়ে যায়।
এলাকার চা-দোকানের মালিক জহুরুল ইসলাম বলেন, বৃষ্টি শুরু হলে দোকানের ভেতর দিয়ে লোকজনের চলাচলের কারণে অনেক সময় বিক্রি বন্ধ করে বসে থাকতে হয়।
খাদিজা বেগম বলেন, ‘পুরুষেরা তবু এদিক-ওদিক দিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমাদের ও বাচ্চাদের ঝামেলা হয় বেশি।’
নাম প্রকাশে অনিচ্ছুক সড়কের পাশের তিন ব্যবসায়ী বলেন, সড়কে পড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ ভোগান্তি পোহাতে হয়। সড়ক ও দোকান একই উচ্চতায় যখন ছিল, তখন পানি দোকানেও ঢুকে যেত। তাই দোকানের সামনে মাটি ফেলে ভরাট করা হয়েছে।
রায়গঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, চেষ্টা করেও সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়নি। ফলে পরিস্থিতি এমন হয়ে পড়েছে।
রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, বিষয়টি জানা আছে। সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।