চট্টগ্রামে পাহাড় কেটে সড়ক
বৃষ্টি হলেই ধসে পড়ে মাটি
ছয় কিলোমিটার দীর্ঘ শেরশাহ-ফৌজদারহাট সড়কে গাড়ি চলাচলে ঝুঁকি বাড়ছে। অন্তত ছয়টি পাহাড় থেকে মাটি ধসে পড়ছে।
পাহাড় কাটায় মানা হয়নি নিয়মনীতি। সড়ক নির্মাণের জন্য একের পর এক পাহাড় কাটা হয়েছে খাড়াভাবে। পাহাড়গুলোই এখন যান চলাচলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বৃষ্টি হলেই মাটি ধসে পড়ছে পাহাড় থেকে। ফলে যেখানে মাটি এসে জমছে সেখানে গাড়ি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে বাড়ছে ঝুঁকিও।
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পর্যন্ত নির্মিত সড়কে এই ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়ক লুপ সড়ক নামে পরিচিত।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ৩২০ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করছে। এ সড়ক ব্যবহার করে উত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলার গাড়ি মূল শহরে প্রবেশ না করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারে। এখনো পুরোপুরি কাজ শেষ নাহলেও গত বছরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু পাহাড়ধসের কারণে প্রায় এক কিলোমিটার অংশে গত জুন থেকে এক পাশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এই সড়ক নির্মাণে ১৬টি পাহাড় কাটতে হয়েছে। অনুমোদনের চেয়ে বেশি পাহাড় কাটায় গত বছরের জানুয়ারিতে সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর।
চলতি বর্ষায় একের পর এক পাহাড়ধস হলেও তা সংরক্ষণের জন্য সিডিএর দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ জন্য সিডিএ ও পরিবেশ অধিদপ্তর পরস্পরকে দোষারোপ করছে। সিডিএর দাবি, পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে সঠিক নির্দেশনা না পাওয়ায় পাহাড় সংরক্ষণের কাজ শুরু করতে পারছে না তারা। অধিদপ্তর বলছে, পাহাড় সংরক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এখনো জমা দিতে পারেনি সিডিএ।
পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, সিডিএ নকশা–বহির্ভূতভাবে পাহাড় কেটেছিল। এ জন্য সড়ককে ঘিরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ধসের মাটিও এখন সরানো যাবে না। মাটিগুলো সরিয়ে ফেললে আরও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হবে।
সিডিএ নিয়মনীতি না মেনেই পাহাড় কেটেছে। পাহাড়গুলো এমনভাবে কাটা হয়েছে সেখানে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে।মোহাম্মদ নূরুল্লাহ নূরী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম নগর অঞ্চল
পাহাড়ধসের ঘটনা অব্যাহত থাকলেও সংরক্ষণের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, পাহাড়ধস রোধ ও সংরক্ষণের জন্য তাঁদের প্রস্তুতি আছে। পরিবেশ অধিদপ্তরের কাছে অনুমোদনের জন্য চিঠি দেওয়া হয়েছে। অধিদপ্তর একেক সময় একেক মতামত দিচ্ছে। ফলে কাজ শুরু করতে পারছে না। কিন্তু পাহাড়ধস তো থেমে নেই। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়দায়িত্ব সিডিএর নিতে হবে।
কাজী হাসান বিন শামস বলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। আর বৃষ্টির কারণে এখন কোনো কাজ করা যাবে না। বর্ষা শেষ হলে পাহাড় সংরক্ষণের প্রক্রিয়া শুরু করবেন তাঁরা।
তবে সিডিএর এই দাবি মানতে নারাজ পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম নগর অঞ্চলের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী প্রথম আলোকে বলেন, ‘সিডিএ নিয়মনীতি না মেনেই পাহাড় কেটেছে। পাহাড়গুলো এমনভাবে কাটা হয়েছে সেখানে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। এসব পাহাড় সংরক্ষণের জন্য শুরুতেই বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব তারা অনুসরণ করেনি। আবার বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, তাও দেয়নি। প্রতিবেদন দিলেই অনুমতির জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
এদিকে পাহাড় সংরক্ষণের জন্য গত জুনে তিন মাসের জন্য সড়ক বন্ধের উদ্যোগ নিয়েছিল সিডিএ। এ জন্য কয়েক দিন সড়ক বন্ধ রাখা হয়েছিল। এতে নগরে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী সড়ক আবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
গত রোববার বিকেলে সরেজমিন দেখা যায়, সড়কের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাসসংলগ্ন পাহাড়গুলোর মাটি ধসে পড়েছে রাস্তার ওপর। এজন্য সড়কের এক কিলোমিটার অংশের এক পাশে যান চলাচল বন্ধ। দেওয়া হয়েছে প্রতিবন্ধকতা। অন্তত ছয়টি পাহাড় থেকে মাটি ধসে পড়েছে। এসব মাটি সড়কের ওপরই রয়ে গেছে। চার লেনের সড়কের এক পাশ বন্ধ থাকায় অন্য পাশে যান চলাচলের চাপ বেড়ে গেছে।
এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী ভারী গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে বায়েজিদ বোস্তামী এলাকার শিল্পকারখানাগুলোর গাড়ি এই সড়ক ব্যবহার করে। গাড়ি চলাচল শুরুর পর থেকে এই সড়কটি পর্যটন স্পটেও পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই এলাকায় ঘুরতে আসেন।
পাহাড়ের বর্তমান অবস্থায় পরিবেশগতভাবে সংরক্ষণের তেমন কোনো সুযোগ নেই বলে মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান। বিভিন্ন সময়ে এই এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা থেকে প্রথম আলোকে বলেন, সড়ক নির্মাণের জন্য পাহাড়গুলো খাড়াভাবে কাটা হয়েছে, যা খুবই বিপজ্জনক। পাহাড়গুলো এমনভাবে কাটা হয়েছে তাতে পরিবেশগতভাবে এগুলো সংরক্ষণ করা বা ঝুঁকি কমানোর কোনো সুযোগ নেই। অন্তত ৪৫ ডিগ্রি কোণে কাটা হলে তখন গাছ লাগিয়ে পাহাড়ধস রোধ করা যেত। এখন প্রকৌশলগতভাবেই এর সমাধান করতে হবে।