রাজশাহী নগর
বৃষ্টি হলেই পানিবন্দী হয় পরিবারগুলো
উপরভদ্রা মহল্লাটি সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি।
ভারী বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ে রাজশাহী সিটি করপোরেশনের উপরভদ্রা এলাকার ৬৬টি পরিবার। পানি পার হয়েই বাড়িতে আসা–যাওয়া করতে হয় এসব পরিবারের সদস্যদের। কারও কারও রান্নাঘরেও ঢুকে যায় পানি।
কয়েক দিন পরপর চাঁদা তুলে পাম্প ভাড়া করে মহল্লার পানিনিষ্কাশনের ব্যবস্থা করে পরিবারগুলো। পানি ফেলা হয় পাশের একটি পুকুরে। কিন্তু গত বুধবার পানি ফেলতে নিষেধ করেন পুকুরের মালিক। এতে আরও বেশি বিপাকে পড়েছে পরিবারগুলো।
উপরভদ্রা মহল্লাটি পড়েছে সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে। ২০১০ সালে সেখানে দোতলা বাড়ি করেন সাজ্জাদ হোসেন। তিনি জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে রীতিমতো নকশা অনুমোদন নিয়েই বাড়ি করেছেন। তাঁর বাড়িতে চারটি পরিবার থাকে। একইভাবে মহল্লার ৩৮টি বাড়িতে মোট ৬৬টি পরিবারের বসবাস। বাড়ি করার পর থেকেই শুনছেন, মহল্লার পানিনিষ্কাশনের জন্য ড্রেন হবে। কাউন্সিলরের লোকজন এসে মাপজোখ নিয়ে যায় কিন্তু ড্রেন হয় না।
বুধবার বেলা ১১টার দিকে ওই মহল্লায় গিয়ে দেখা যায়, কোথাও কোথাও প্রায় হাঁটুপানি জমে আছে। এর ভেতর দিয়েই চলাফেরা করছে বাসিন্দারা। যাদের কাঁচা বাড়ি, তারা আছে বেশি বিপাকে। রান্নাঘরের মধ্যে পানি ঢুকে গেছে অনেকেরই। মেঝের পানি সেচে বাইরে ফেলে দিচ্ছিল কয়েকজন।
শিউলি বেগম নামের এক গৃহবধূ জানান, তাঁর স্বামী ভ্যানচালক। পানির মধ্যে দিয়ে চলাফেরা করতে করতে ঘা হয়ে গেছে তাঁর পায়ে। এখন তাঁদের বাসায় থাকাই মুশকিল। রান্নাঘরেও পানি ঢুকে গেছে। মাটির চুলাও পানিতে ডুবে আছে।
মহল্লার এক জায়গায় পাঁচ-সাতজন গৃহবধূ দাঁড়িয়ে এই জলাবদ্ধতা নিয়ে কথা বলছিলেন। তাঁদের অভিযোগ, তাঁদের দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। কাউন্সিলরও কোনো খোঁজ রাখেন না।
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল আমিন বলেন, তিনি এই মহল্লার জলাবদ্ধতার বিষয়ে কিছুই জানেন না। কেউ তাঁকে এ ব্যাপারে কিছু জানায়নি। মহল্লার লোকজন এসে জানালেই তিনি ব্যবস্থা নেবেন।