
চার দিনের টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া কৃষকের কপাল পুড়েছে। ধান ঘরে তোলার আগ মুহূর্তে অকালবৃষ্টি কাল হয়েছে কৃষকদের জন্য। তবে গত সোমবার রাত ১২টার দিকে মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবার ড্যাম–সংলগ্ন মাটির বাঁধ কেটে দেওয়ায় জমে থাকা পানি নামতে শুরু করেছে।
এদিকে ক্ষতির পরিমাণ নিয়ে চাষি ও কৃষি বিভাগের হিসাব দুই রকম। কৃষি বিভাগ বলছে ৩০০ একর জমির ধান নষ্ট হয়েছে। আর বর্গা চাষি সমিতির হিসাবে তা দেড় হাজার একর।
কৃষকেরা বলেন, ২১, ২২, ২৩ ও ২৪ এপ্রিলের বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বিশেষ করে মাতামুহুরী নদী দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাঘগুজারা রাবার ড্যাম–সংলগ্ন বিকল্প বাঁধে আটকে পড়ে। এ বাঁধের কারণে পানি উপচে নদীর আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চকরিয়া উপজেলার হারবাং বড়বিলে কাটা ধানের গাছ ভাসছে। অনেক কৃষক নৌকা নিয়ে ধান তুলে অন্যত্র নিয়ে শুকানোর চেষ্টা করছেন। পানিতে ডুবে থাকা বিলের অন্য গাছগুলোতে পচন ধরেছে। এ ছাড়া বরইতলী ইউনিয়নের ডেইঙ্গা কাটা, পহরচাঁদা, বিবিরখিল ও কৈয়ারবিল ইউনিয়নেও পাকা বোরো ধান পানিতে ডুবে আছে। লক্ষ্যারচর ইউনিয়নের বাইশ্যারছড়া দিয়ে পাহাড়ি ঢলের পানি বেরোতে না পারায় লক্ষ্যারচর ও কাকারা বিলে পানি জমে যায়।
হারবাংয়ের কৃষক খালেদ হোসেন বলেন, ১২ একর জমিতে বোরোর আবাদ করেছি। মাত্র এক একর জমির ধান কাটতে পেরেছি। বাকি নয় একর ধান এখনো পানির নিচে। তবে বিকল্প বাঁধ কেটে দেওয়ায় হয়তো ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাব।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, জলাবদ্ধতা কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে। আমার ইউনিয়নের অন্তত এক হাজার একর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। মাতামুহুরী নদীর বাঘগুজারা এলাকার মাটির বাঁধটি অনেক আগেই কেটে দেওয়া উচিত ছিল।
কৃষকেরা বলেন, কাকারার নলবিলা বিলে বোরো চাষ হয় অন্তত ১ হাজার ২০০ একর জমিতে। এ মধ্যে নিচু এলাকার ৫০০ একর জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে আছে। বাইশ্যারছড়া সঠিকভাবে খনন না হওয়ায় বিলের পানি নদীতে বেরোতে পারছে না। এ সমস্যা থেকে বাঁচতে ২২ এপ্রিল সন্ধ্যায় কাকারা ও লক্ষ্যারচরের কৃষকেরা সমাবেশ করেছেন। তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, বাঘগুজারা রাবার ড্যামটির মেরামত কাজ চলার কারণে ড্যামের পাশে মাটির বাঁধ দেওয়া হয়। কৃষকের বেশি ক্ষতি হচ্ছে জেনে বাঁধটি সোমবার রাতে কেটে দেওয়া হয়েছে। এখন পানি নেমে যাচ্ছে।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, উপজেলার হারবাং বড়বিল, বরইতলীর ডেইঙ্গাকাটা, কাকারার নলবিলা বিল ও কৈয়ারবিল এলাকায় পাহাড়ি ঢলের পানি জমে ৩০০ একর জমির পাকা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তবে বাঘগুজারা বাঁধ কেটে দেওয়ায় বিল থেকে এখন পানি নামতে শুরু করেছে।
চকরিয়া বর্গা চাষি সমিতির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় দেড় হাজার একর জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতির শিকার হয়েছেন প্রায় ১০ হাজার কৃষক।
এদিকে পেকুয়া উপজেলা তলিয়ে গেছে শিলখালী, বারবাকিয়া, টৈটং ও পেকুয়া সদর ইউনিয়ন। অবশ্য সেখানে পানি দ্রুত নামছে।
পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান রব্বানী জানান, টানা বৃষ্টির ফলে পেকুয়া উপজেলায় ২৫ একর ধানি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। দুটি রাবার ড্যাম দ্রুত ডাউন (নিচু) করে ফেলার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়নি।
দুটি উপজেলার কৃষি বিভাগ সূত্র জানায়, এবার চকরিয়ায় ৪৭ হাজার ও পেকুয়ায় ১৮ হাজার ৭৫০ একর জমিতে বোরো চাষ হয়েছে।